আম্মান, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ার হোমস শহরের বিদ্রোহী অবস্থানগুলোতে মঙ্গলবার নতুন করে প্রচণ্ড বোমা হামলা শুরু করেছে সরকারি বাহিনী। এতে অন্তত ২১ জন নিহত এবং ৩৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলন কর্মীরা।
হোমস এ ১৮ দিন ধরে চলা লড়াইয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মানবিক সাহায্য সরবরাহের জন্য আন্তর্জাতিক রেডক্রস কমিটির সাময়িক যুদ্ধবিরতি করার চেষ্টার মধ্যেই শহরটিতে ফের শুরু হয়েছে বৃষ্টির মতো এ বোমা হামলা।
মানবাধিকার কর্মীরা জানায়, বিরোধীপক্ষের নিয়ন্ত্রণে থাকা বাবা আমরো এলাকার বিদ্রোহী যোদ্ধারা ওই এলাকায় সেনাদের প্রবেশে বাধা দিলে সরকারি বাহিনী শহরটিতে বোমা হামলা চালানো শুরু করে।
প্রতি মিনিটেই সেখানে পড়ছে কয়েকটি করে গোলা। এতে নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। উদ্ধার করা হয়েছে ২১ টি মৃতদেহ। বাড়িঘরের ধ্বংসস্তুপ থেকে অনেককে উদ্ধার করা হয়েছে। আরো অনেকেই এখনো চাপা পড়ে আছে।
‘সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস’ এর ভাষ্যমতে, বাবা আমরো এলাকায় সকাল থেকে অন্তত ২৫০ টি গোলা এবং রকেট হামলা হয়েছে। আকাশে চক্কর দিচ্ছে সিরিয়ার বিমান বাহিনীর বিমান।
৩ ফেব্র“য়ারি হোমসে বোমা হামলা শুরু হওয়ার পর থেকে সরকারি বাহিনী ষশস্ত্র যান নিয়ে বাবা আমরো এলাকার দখল নিতে এগিয়ে চলেছে। বাবা আমরোর পাশেই ইনসাত এলাকায় মোতায়েন রয়েছে ট্যাংক।
সিরিয়া সরকার এ অভিযানকে ‘সশস্ত্র সন্ত্রাসী চক্রে’র আস্তানা গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছে।
বাবা আমরো এলাকায় বিরোধী সেনাদল ফ্রি সিরিয়ান আর্মির কয়েকশ যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হয়। প্রচণ্ড গোলা হামলার মুখে তারা প্রতিরোধ গড়ে তুলবে নাকি পিছু হটবে তা এখনো পরিস্কার বোঝা যাচ্ছে না বলে জানিয়েছেন সাংবাদিকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এলকিউ/১৬৪৮ঘ.
bdnews24