২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরফচাপা গাড়িতে দুই মাস

বনপথে তুষারপাতে গাড়িতে আটকা পড়েন, তারপর বরফচাপা ওই গাড়িতে খাবার ছাড়াই দুই মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে থাকেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

স্টকহোম, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বনপথে তুষারপাতে গাড়িতে আটকা পড়েন, তারপর বরফচাপা ওই গাড়িতে খাবার ছাড়াই দুই মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেঁচে থাকেন তিনি। অবিশ্বাস্য মনে হলেও শুক্রবার এ অবস্থায়ই উদ্ধার করা হয়েছে সুইডেনের এক নাগরিককে। উত্তর সুইডেনের উমিয়া শহরের কাছে বরফে আটকা পড়া একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় ৪৫ বছর বয়সী ওই ব্যক্তিকে। গাড়ির পেছনের সীটে একটি স্লিপিং ব্যাগের ভেতর তিনি শুয়ে ছিলেন। এ সময় তিনি এত দুর্বল ছিলেন যে কথা বলার মতো শক্তিও তার ছিল না। বরফের ওপর দিয়ে যাওয়ার সময় এক তুষারকাটা-গাড়ির চালক তার বরফে ঢাকা গাড়িটি দেখতে পান। এটিকে তারা দূর্ঘটনায় পড়া একটি গাড়ি বলে ভেবেছিলন। গাড়িটির জানালার বরফ সরানোর পর তারা গাড়ির ভেতর নড়াচড়া লক্ষ্য করেন। এরপর আটকা পড়া ওই ব্যক্তিকে উদ্ধার করেন। পরে উদ্ধার পাওয়া ব্যক্তি জানান, তিনি গত ১৯ ডিসেম্বর থেকে গাড়িটিতে আটকা পড়ে ছিলেন। সুইডেনের আঞ্চলিক দৈনিক ভাস্টারবোটেন্স-কুরিরেনকে উদ্ধারকারী দলের এক সদস্য বলেন, “খাবার ছাড়াই দুই মাস ধরে তিনি বেঁচে আছেন, এটি সত্যিই অবিশ্বাস্য ব্যাপার।” তবে উমিয়ার পুলিশ কর্মকর্তা এব্বি নাইবার্গ জানান, লোকটি যে গাড়িতে দীর্ঘদিন যাবৎ আটকে ছিলেন এ বিষয়ে পুলিশের কোনো সন্দেহ নেই। “উদ্ধারকারীরা অকুলস্থলে ছিলেন, আমরাও ছিলাম। আমরা যা দেখেছি তারাও তাই দেখেছেন। কিন্তু আমরা তাদের মতো কোনো মন্তব্য করব না,” বলেন তিনি। উমিয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালে লোকটিকে ভর্তি করা হয়েছে। হাসপাতাটির ডাক্তাররা জানান, খাবার ছাড়া একজন লোক সাধারণত একমাস বাঁচতে পারে। তুষার খাওয়া ছাড়া অধিকাংশ সময় ঘুমিয়ে থাকায় লোকটি বেঁচে যায় বলে জানান ডাক্তার স্টিফান ব্রান্থ। “অনেকটা ভালুকের মতো,” বলেন তিনি, “মানুষও ভালুকের মতো সুপ্তাবস্থায় না খেয়ে অনেক দিন কাঁটিয়ে দিতে পারে। তার শরীরের তাপমাত্রা সম্ভবত ৩১ ডিগ্রি সেলসিয়াসের মতো ছিলো, যা শরীর মানিয়ে নিয়েছিলো। আর বাইরের তাপমাত্রা খুব কম থাকাতে তার শরীর থেকে খুব বেশি শক্তি খরচ হয়নি।” বনপথে কীভাবে তিনি তুষারের নীচে আটকা পড়েছিলেন তা এখানো জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং তদন্তের স্বার্থে গণমাধ্যমে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএমটি/১৪৪২ ঘ.