আম্মান/বৈরুত, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার চলমান সঙ্কট কাটাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বহুদলীয় নির্বাচন ও গণভোটের পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে চীন।
রাজধানী দামেস্কে শনিবার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করে এ সমর্থন জানান চীনা উপ পররাষ্ট্রমন্ত্রী ঝাই জুন। সেইসঙ্গে শিগগিরই সহিংসতা বন্ধের জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বুধবার নতুন একটি সংবিধানের জন্য ২৬ ফেব্র“য়ারি গণভোট এবং এর পর বহুদলীয় নির্বাচনের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
তবে আসাদের এ পরিকল্পনাকে তাৎক্ষণিকভাবেই বাতিল করে দেয় সিরিয়ার বিরোধী দল ও পশ্চিমা রাষ্ট্রগুলো।
ঝাই বলেন, “সংবিধান বিষয়ক ওই গণভোট সম্পর্কে আমি আশাবাদী এবং এর ধারাবাহিকতায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরো বলেন, “সিরিয়ার এ সংস্কার পন্থা ও এর লক্ষ্যে গৃহীত পদক্ষেপকে চীন সমর্থন করে।”
এদিকে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে ঝাইয়ের মন্তব্য উল্লেখ করে জানায়, “ক্রমবর্ধমান সংকটে চীন গভীরভাবে উদ্বিগ্ন এবং সরকার ও সব রাজনৈতিক দল বেসামরিক হত্যা বন্ধে পদক্ষেপ নিক বলে চায় তারা।”
আন্দোলনকারীদের ওপর দমন পীড়নের পরও চীন ও রাশিয়া আসাদকে সমর্থন করে যাচ্ছে। সিরিয়ার এ প্রেসিডেন্টকে পদত্যাগের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তাব সম্পতি বাতিল হয়ে যায় এ দুই পরাশক্তির ভিটোতেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৮০৮ ঘ.
bdnews24