২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬ ট্রিলিয়ন ডলারের ভুয়া মার্কিন বন্ড আটক

সুইজারল্যান্ডে ৬ ট্রিলিয়ন ডলারের ভুয়া মার্কিন ট্রেজারি বন্ড আটকের পর ৮ ইতালীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 06:04 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

পোতেঞ্জা, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সুইজারল্যান্ডে ৬ ট্রিলিয়ন ডলারের ভুয়া মার্কিন ট্রেজারি বন্ড আটকের পর ৮ ইতালীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতালি, সুইজারল্যন্ড ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রায় এক বছর তদন্ত চালানোর পর দক্ষিণ ইতালির পোতেঞ্জা শহরে অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করে। ইতালীয় পুলিশের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, ঋণ জালিয়াতির একটি বড় ঘটনা তদন্ত করতে গিয়ে ভুয়া বন্ড লেনদেনের তথ্য পান তদন্তকারীরা। এরপর টেলিফোন ও ইন্টারনেটে যোগাযোগ করে চক্রের সদস্যদের খোঁজ পাওয়া যায়। গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের একটি আর্থিক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তদন্তকারীরা ওই ভুয়া বন্ড আটক করেন। তিনটি বড় ট্রাংকে রক্ষিত এই বন্ডের অর্থমূল্য প্রায় ৬ ট্রিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণের প্রায় তিন ভাগের একভাগ। সেগুলো যে ভুয়া, তা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। এই তদন্তের জন্য ইতালীয় পুলিশের প্রশংসা করে রোমের যুক্তরাষ্ট্র দূতাবাস বলেছে, ভুয়া বন্ডগুলো আটক করা না গেলে সেগুলো ব্যবহার করে সুইস ব্যাংকগুলোর সঙ্গে প্রতারণা করা হতো। পোতেঞ্জার তদন্ত কর্মকর্তা গিওভান্নি কোলেঞ্জেলো বলেন, এই জালিয়াত চক্রের নেটওয়ার্ক অনেকগুলো দেশে ছড়ানো। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে ইতালির একটি দৈনিক পত্রিকা জানিয়েছে, পারমাণবিক অস্ত্র তৈরি উপাদান প্লুটোনিয়াম সংগ্রহেরও চেষ্টায় ছিল ওই চক্রটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১২০০ ঘ.