আম্মান/বৈরুত, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ সাধারণ পরিষদে সিরিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাসের পর শুক্রবার সিরিয়ায় রওনা হয়েছেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঝাই জুন।
জাতিসংঘ সাধারণ পরিষদে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে প্রস্তাব পাস হওয়ার পরও কয়েকটি মিত্রদেশের মত চীনও তার সঙ্গে আছে এ সফর তারই ইঙ্গিতবহ।
জাতিসংঘের নিন্দা প্রস্তাবে আসাদ দমনাভিযান থেকে সরে আসবেন এমন কোন লক্ষণ দেখা যাচ্ছে না। শুক্রবারও হোমস শহরে বিরোধীদের ওপর হামলা চালিয়েছে আসাদ বাহিনী।
গত দুই সপ্তাহ ধরে সেখানে আসাদের দমনাভিযান চলছে।
জুন দামেস্কে রওনা হওয়ার আগে বলেন, “সিরিয়ায় হস্তক্ষেপের জন্য সেনা মোতায়েন কিংবা জোর করে তথাকথিত শাসনাবসানকে সমর্থন করে না চীন।”
তিনি বলেন, নিষেধাজ্ঞার হুমকি সিরিয়া সঙ্কট সমাধানে সহায়ক হবে বলেও চীন মনে করে না।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বানসহ আরব লিগের তৈরি সিরিয়ার বিরূদ্ধে নিন্দা প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হয়েছে।
জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩৭টি রাষ্ট্র প্রস্তাবটির পক্ষে সমর্থন জানায়।
প্রস্তাবে ‘প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের’ জন্য সিরিয়ার নিন্দা জানানো হয়। পাশাপাশি সিরিয়ার শহরগুলো থেকে সরকারি বাহিনীগুলো প্রত্যাহারের আহ্বানও জানানো হয়।
৪ ফেব্র“য়ারির নিরাপত্তা পরিষদে একই ধরনের একটি প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দেয়।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যেই সিরিয়া সফর করে প্রেসিডেন্ট আসাদকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
তবে সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধে রাশিয়ার আরো বেশি কিছু করা উচিত এবং সরকার পরিবর্তন নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়া উচিত না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী আলিস্টাইর বার্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০১ঘ.
bdnews24