২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তের মুখে জার্মান প্রেসিডেন্টের পদত্যাগ

বাড়ি বানাতে ঋণ নেওয়ার ক্ষেত্রে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগে তদন্তের মুখে পদত্যাগ করেছেন জার্মানির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

জাতিসংঘ, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাড়ি বানাতে ঋণ নেওয়ার ক্ষেত্রে অন্যায় সুবিধা নেওয়ার অভিযোগে তদন্তের মুখে পদত্যাগ করেছেন জার্মানির প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ। প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে আইনি বাধা অপসারণের জন্য তদন্তকারী সংস্থা জার্মান পার্লামেন্টে আবেদন করার পর শুক্রবার এই ঘোষণা দেন তিনি। এক সংক্ষিপ্ত বিবৃতিতে ভুল্ফ বলেন, “গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে যে আমার প্রতি জার্মান জনগণের আস্থা দারুণভঅবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না।” ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশে প্রেসিডেন্টের হাতে নির্বাহী ক্ষমতা না থাকলেও তিনিই রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। লোয়ার স্যাক্সনি রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ভুল্ফের আগে আর কোনো প্রেসিডেন্টকে এভাবে তদন্তের মুখে পড়তে হয়নি। তিনিই জার্মানির প্রথম প্রেসিডেন্ট, যাকে পদত্যাগ করতে হলো। লোয়ার স্যাক্সনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালে একটি বাড়ি কিনেছিলেন ভুল্ফ, যার জন্য তাকে ব্যাংক ঋণ নিতে হয়েছিল। কিন্তু ওই ঋণের জন্য সাধারণের চেয়ে অনেক কম সুদ ধরেছিল ব্যাংক। মুখ্যমন্ত্রী থাকাকালে তার এমন সুবিধা নেওয়ার খবর স¤প্রতি ফলাও করে ছাপে জার্মানির সর্বাধিক প্রচারিত দৈনিক ‘বিল্ড’। শুরুতে ভুল্ফ ওই প্রতিবেদনের প্রকাশ আটকানোর চেষ্টা করলেও পরে এক টেলিভিশন সাক্ষাৎকারে কম সুদে ঋণ নেওয়ার বিষয়টি স্বীকার করে নেন। এছাড়া রাজনৈতিক আনুকূল্য এবং উচ্চপদস্থ রাজনীতিক হিসাবে বাড়তি আর্থিক সুবিধা নেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই পরিপ্রেক্ষিত্রেই বিষয়গুলো খতিয়ে দেখার অনুমতি চায় তদন্তকারী সংস্থা। জার্মানির চ্যান্সেলার আঙ্গেলা মের্কেল এই সংকটে ভুল্ফকে রক্ষার চেষ্টা করলেও শেষ পর্যন্ত হাল ছাড়তে বাধ্য হন। শুক্রবার বার্লিনে প্রেসিডেন্টের বাসভবনে ভুল্ফ আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর মের্কেলও বক্তব্য রাখেন। তিনি বলেন, ভুল্ফের এই সিদ্ধান্ত তিনি মেনে নিচ্ছেন। “সাধারণ জনগণের স্বার্থকে সামনে রেখেই তিনি (ভুল্ফ) এ সিদ্ধান্ত নিয়েছেন”, বলেন চ্যান্সেলর। ইউরোজোনের আর্থিক সঙ্কটের মধ্যে ভুল্ফের পদত্যাগের এই ঘোষণা মের্কেলের জন্য একটি ‘বড় ধাক্কা’ বলেই মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার তার ইতালিতে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/জেকে/১৭২০ ঘ.