টোকিও, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হৃদযন্ত্রে অস্ত্রোপচারের জন্য শুক্রবার টোকিও’র এক হাসপাতালে ভর্তি হয়েছেন জাপানের সম্রাট আকিহিতো (৭৮)।
শনিবার তার অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। অস্ত্রোপচারে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।
কয়েক বছর ধরেই সম্রাট আকিহিতো হৃদরোগে ভুগছেন এবং গত সপ্তাহেই চিকিৎসকরা তার বাইপাস অপারেশনের সিদ্ধান্ত নেন।
টেলিভিশনে প্রচারিত চিত্রে দেখা যায়, ইউনিভার্সিটি অব টোকিও হাসপাতালের গেটে হাসপাতালকর্মীরা আকিহিতোকে স্বাগত জানাচ্ছেন। এসময় তার স্ত্রী মিচিকোও (৭৭) উপস্থিত ছিলেন।
এর আগে ২০০৩ সালে প্রোস্টেট ক্যান্সারের জন্য তার অস্ত্রোপচার হয়।
পিতা হিরোহিতোর মৃত্যুর পর ১৯৮৯ সাল থেকে আকিহিতো সম্রাটের দায়িত্ব পালন করছেন। সম্রাটের পরিবারের সঙ্গে দেশের সাধারণ জনগণের মধ্যে দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০৪ ঘ.
bdnews24