ঢাকা, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কসবাদীদের ‘লাল’ ঢেকে দিয়ে কলকাতাকে আকাশি-নীলে সাজানোর পরিকল্পনা নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।
৩০০ বছরের পুরনো এ শহরের সব সরকারি ভবন, ফ্লাইওভার, ট্যাক্সি, এমনকি শহীদ মিনারও সাজানো হবে আকাশি রংয়ে। আর তৃণমূল নেত্রী মমতা বন্দোবাধ্যায়ের ইচ্ছেতেই এটা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস।
পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, “আমাদের নেত্রী সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতার রং হবে আকাশি, কারণ আমাদের সরকারের মোটো হলো- দি স্কাই ইজ দ্য লিমিট।”
গত বছর মে মাসের নির্বাচনে বামফ্রন্টকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসে মমতার দল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে দিয়ে ভারতের এই রাজ্যে ৩৪ বছরের বাম শানসনেরও অবসান হয়।
ফিরহাদ হাকিম জানান, দেড় কোটি মানুষের কলকাতায় যেখানে যে সরকারি ভবন আছে- তার প্রায় সবই নতুন করে রং করা হবে। বেসরকারি ভবন মালিকদেরও বিষয়টি অনুসরণ করতে অনুরোধ জানানো হবে। তবে রাইটার্স বিল্ডিং ও কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মতো দু’একটি ঐতিহ্যবাহী ভবন আগের রূপেই থাকবে।
“শিগগিরই এ বিষয়ে সরকারি আদেশ জারি করা হবে”, বলেন হাকিম।
তবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মৌখিক নির্দেশের ভিত্তিতেই শহরের বেশ কিছু ভবন ও ফ্লাইওভার নীলে রাঙানোর কাজ শুরু করে দিয়েছেন তারা।
সরকারের এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “নীল একটি চমৎকার রং। এটা চোখের জন্যও আরামদায়ক।”
বিরোধী দল অবশ্য মমতার এই উদ্যোগকে ভালোভাবে নেয়নি। তারা বলছে, সরকার অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশি ব্যস্ত হয়ে উঠেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৩১০ ঘ.
bdnews24