কাবুল, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান সরকার যুক্তরাষ্ট্র ও তালেবানের সঙ্গে ত্রিপক্ষীয় গোপন আলোচনায় যোগ দিয়েছে। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই একথা জানিয়েছেন।
কারজাইয়ের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানায়, শান্তি স্থাপনের মাধ্যমে আফগানিস্তানে প্রায় ১০ বছর ধরে চলা যুদ্ধের অবসান চায় তালেবান। আর এ কারণে তিনপক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে।
বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে ওয়াল স্ট্রিট জার্নালকে এক সাক্ষাৎকারে কারজাই একথা জানান বলে সংবাদপত্রটি দাবি করেছে।
আফগান প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানায়, “তালেবানসহ আফগান জনগণ শান্তি চায়। তারা আমাদের মতো। তাদের পরিবার পরিজন ও সন্তান রয়েছে। তারাও আমাদের মতো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।”
কারজাইয়ের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল আরো জানায়, “যুক্তরাষ্ট্র ও তালেবানের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আফগান সরকারও তালেবানের সঙ্গে যোগাযোগ করছে বা কখনো যৌথভাবে বা তালেবানের পক্ষ থেকেও যোগাযোগ করা হচ্ছে।”
তবে আলেচানা প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় আলোচনাস্থল ও বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৭ঘ.
bdnews24