ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার মার্কিন ড্রোন হামলায় অন্তত পাঁচজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এক খবরে জানায়, আফগান সীমান্তবর্তী মিরানশাহের কাছে স্পালগা গ্রামে একটি বাড়িতে মার্কিন ড্রোন থেকে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
দেশের অভ্যন্তরে এ ধরনের হামলা সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিযোগ করে আসছে পাকিস্তান।
তবে গত মাসে প্রথমবারের মতো পাকিস্তানের আদিবাসী এলাকাগুলোয় সন্দেহভাজন জঙ্গিদের লক্ষ করে ড্রোন হামলা চালানো হয় বলে জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বৃহস্পতিবারের ওই হামলায় আরো কয়েকজন জঙ্গি আহত হয়েছে বলেও নিরাপত্তা কর্মকর্তারা জানান।
গত সপ্তাহে গ্রামটিতে এ ধরনের আরেকটি ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪১৩ ঘ.
bdnews24