ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশাল অংকের আর্থিক লোকসান গোপন রাখার বিষয় তদন্তের স্বার্থে ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান অলিম্পাসের সাবেক চেয়ারম্যান সুশি কিকুকাওয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
গত দুই দশকে ১.৭ বিলিয়ন ডলারের আর্থিক লোকসানের ব্যাপারে এই প্রতিষ্ঠানটিতে তদন্ত চলছে।
গত বছরের অক্টোবর মাসে সাবেক নির্বাহী মাইকেল উডফোর্ড দাবি করেন, কোম্পানির হিসাব নিকাশ নিয়ে উদ্বেগের মুখে তাকে বরখাস্ত করা হয়েছে।
তিনি আরো জানান, যুক্তরাজ্যভিত্তিক মেডিকেল সরঞ্জামের কোম্পানি গিরাসের সঙ্গে যোগাযোগ করতে অর্থনৈতিক উপদেষ্টাদের ৬৮৭ মিলিয়ন ডলার দেওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এরপরই কোম্পানির বিষয়ে গুজব ছড়িয়ে পড়লে পদত্যাগ করেন কিকুকাওয়া। এ ঘটনায় কোম্পানির ১৯ জন সাবেক ও বর্তমান নির্বাহীর বিরুদ্ধে মামলা দায়ের করে অলিম্পাস।
প্রাথমিক পর্যায়ে অলিম্পাস এসব অভিযোগ অস্বীকার করলেও পরে জানায়, প্রায় ২০ বছর ধরে তারা তাদের ক্ষতির কথা গোপন করে আসছে।
এ ঘটনার পর টোকিও স্টক এক্সচেঞ্জে (টিএসই) কোম্পানিটির শেয়ারের মূল্য অর্ধেকেরও বেশি কমে যায়।
তবে তদন্তের ক্ষেত্রে সাম্প্রতিক এই পদক্ষেপকে কোম্পানির শেয়ারহোল্ডারদের বিজয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই কঠিন সময় পার করতে হচ্ছে অলিম্পাসকে। অভিযুক্তদের কেউ কেউ এখনও কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। আর এ কারণেই কোম্পানিতে প্রয়োজনীয় পরিবর্তন করা সম্ভব হচ্ছে না বলে বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে কোম্পানিটি জানিয়েছে, বোর্ডের যেসব সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা আগামী মার্চ বা এপ্রিল মাসে পদত্যাগ করবেন। নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের জন্য জরুরি বৈঠকও আহ্বান করেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৯ ঘ.
bdnews24