ওয়াশিংটন, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের মানবাধিকার পরিস্থিতির পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্র সফররত দেশটির ভাইস প্রেসিডেন্ট শি চিনপিঙ। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক মধ্যাহ্নভোজে তিনি তার এ অবস্থান প্রকাশ করেন।
শি জানান, গত ৩০ বছরেও বেশি সময় ধরে চীনে মানবাধিকারের ক্ষেত্রে অসামান্য ও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে উন্নয়ন সবসময়ই একটি চলমান প্রক্রিয়া। এ কারণে সবসময়ই কিছু না কিছু করার ক্ষেত্র রয়ে যায় বলে যোগ করেন তিনি।
কর্মকর্তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও শি আলাদা বৈঠকও করেন। এতে তারা বাণিজ্য, মুদ্রাসহ সিরিয়া বিষয়ে চীনের অবস্থান নিয়েও আলোচনা করেন।
এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্র দু’দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ে ভেটো দেয়ার জন্য ব্যক্তিগতভাবে হতাশা প্রকাশ করেন বারাক ওবামা।
এদিকে এ সফরের মধ্যে দুই পরাশক্তির মধ্যে পারস্পারিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরো গভীর হবে বলে প্রত্যাশা করেছেন চীনা ভাবি প্রেসিডেন্ট।
এক সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্রে গেছেন চীনের এই ভাইস প্রেসিডেন্ট।
মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে মতবিনিময় করেছেন শি।
চলতি বছরের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির প্রধান থেকে অবসর নেবেন বর্তমান প্রেসিডেন্ট হু চিনতাও। আর তাই ২০১৩ সাল থেকে শি চীনের প্রেসিডেন্ট হবেন বলে ধারণা করা হচ্ছে।
বাণিজ্য, মুদ্রা ও মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিরোধ রয়েছে। এছাড়া গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে চীন ভেটো দেয়ার পর ক্ষুব্ধ হয় মার্কিন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫০৩ ঘ.
bdnews24