২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা ছাড়াই হারমুজ পার হলো যুক্তরাষ্ট্রের রণতরী

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মঙ্গলবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালী অতিক্রম করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2012, 08:55 AM

Updated : 24 Aug 2022, 10:47 AM

হরমুজ প্রণালী, ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী থেকে, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন মঙ্গলবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এরআগে মার্কিন রণতরী জন সি স্টেনিস কে পারস্য উপসাগরে ফিরে না আসতে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি জানানোর প্রায় একমাস পর যুক্তরাষ্ট্রের এই রণতরীটি হরমুজ পার হলো। পশ্চিমা দেশগুলো ইরানের তেল রপ্তানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ইরান। সমুদ্রপথে রপ্তানি হওয়ার বিশ্বের মোট তেলের সিংহভাগ এই প্রণালী দিয়েই বিভিন্ন দেশে যায়। বাহরাইনভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একে অনুসরণ করছিল একই বহরের দ্রুতগতির যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার কেপ সেন্ট জর্জ। “ইরানের বাগাড়ম্বর শুনলে মনে হবে এখানে খুবই উত্তেজনা বিরাজ করছে, প্রণালীটি অতিক্রম করার সময় এ বিষয়ে আমরা সতর্ক থাকি কিন্তু আমরা আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই এখানে আসি। আমাদের লক্ষ্য পেশাদারিত্ব বজায় রাখা ও আমাদের সূচি ঠিক রাখা,” বলেন রণতরীটির আক্রমণকারী বাহিনীর প্রধান অ্যাডমিরাল ট্রয় শুমেকার। বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর তীব্র বিরোধ চলছে। পরমাণু প্রকল্পের লক্ষ্য বিদ্যুৎ উৎপাদন বলে দাবি করে আসছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো ইরানি তেল সম্পর্কিত লেনদেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ১ জুলাই থেকে ইইউ’র নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হলে ইরানের তেল রপ্তানি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৫০ ঘ.