২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে সহিংস বিক্ষোভের মধ্যে ব্যয়সঙ্কোচন বিল পাস

ইউরোজোন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বিতীয় দফা বেইল আউট পেতে সোমবার ব্যাপক বিক্ষোভের মধ্যেই নতুন ব্যয়সঙ্কোচন বিল পাস করেছে গ্রিসের পার্লামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 10:27 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

এথেন্স, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইউরোজোন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বিতীয় দফা বেইল আউট পেতে সোমবার ব্যাপক বিক্ষোভের মধ্যেই নতুন ব্যয়সঙ্কোচন বিল পাস করেছে গ্রিসের পার্লামেন্ট। পার্লামেন্টের ৩শ’ সদস্যের মধ্যে ১শ’৯৯ জন বিলের পক্ষে এবং ৭৪ জন বিপক্ষে ভোট দেয়। বিলের বিপক্ষে ভোট দেওয়ায় ৪৩ সদস্যকে বরখাস্ত করেছে গ্রিক প্রধানমন্ত্রী লুকাস পাপদেমোসের ঐক্য সরকারের দুই শরিক দল। ওদিকে, বিল পাসের বিরুদ্ধে রাজধানী এথেন্সে বিক্ষোভ করেছে হাজার হাজার গ্রিক। এথেন্সের কেন্দ্রস্থলের বিভিন্ন ভবনে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। ছড়িয়ে পড়ে সহিংসতা। কয়েকটি নগরীতে সহিংস বিক্ষোভ হয়েছে। গ্রিসে ঋণ সঙ্কট সামাল দিতে ১৩০ বিলিয়ন ইউরো বেইলআউট তহবিল দরকার। আর এই তহবিল দাতাদের শর্ত মেনেই বড় অঙ্কের বেতন, অবসরভাতা ও চাকুরিসহ বেশ কিছু ক্ষেত্রে ব্যয় সঙ্কোচনের জন্য পার্লামেন্টে বিল আনে গ্রিস সরকার। বিলের ওপর ভোটাভুটির আগে এথেন্সের কেন্দ্রস্থলে পার্লামেন্টের সামনে দাঙ্গা পুলিশের সঙ্গে মুখোশ পরা বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এছাড়া সিনেমাহল, ক্যাফে, দোকানপাট ও ব্যাংকে আগুনও দেয় বিক্ষোভকারীরা। ভোটের আগে প্রধানমন্ত্রী লুকাস পাপাদেমোস পার্লামেন্টে বলেন, “গণতান্ত্রিক দেশে ভাঙচুর, সহিংসতার কোনো স্থান নেই এবং সহ্যও করা হবে না।” গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে জানায়, সহিংসতা পর্যটন দ্বীপ কোরফু, ক্রেট ও এথেন্সের শহরগুলোতে ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায়, রাজধানী এথেন্সে প্রায় দেড়শ’টি দোকানে লুটপাট হয়েছে এবং অন্তত ৩৪টি ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এল/১৬০৯ঘ