আম্মান, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে লড়াইরত বিরোধীদেরকে দৃঢ় সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্র“তি দিয়েছে আরব লিগ।
সিরিয়ায় শান্তিরক্ষা মিশনের জন্য জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোরও আহ্বান জানিয়েছে তারা। ওদিকে, হোমস শহরে সোমবারও বোমা হামলা চালিয়েছে সিরিয়া বাহিনী।
বিরোধী শিবির বলেছে, হোমস এ আসাদ বিরোধী আন্দোলনের সামনের সারিতে থাকা দুটি বড় সুন্নি মুসলিম এলাকায় চলছে ট্যাংক হামলা। রোববারের হামলায় ২৩ জন নিহত হয়েছে। এতে করে হোমস এর সমর্থনে দেশজুড়ে রাস্তায় রাস্তায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বাবা আমরো এলাকায় পদাতিক বাহিনীর সাঁজোয়া যান থেকে প্রচণ্ড মর্টার ও বোমা হামলা চলছে। কর্তৃপক্ষ হোমস এ সন্ত্রাসীদের সঙ্গে লড়াই চলছে বলে জানিয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীর হাতে একজন আর্মি কর্ণেলও অপহৃত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা।
তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি।
হোমস শহরে সরকারি বাহিনীর বেপরোয়া হামলার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানো এবং কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ে রোববার বৈঠকে বসে আরব লিগ। সেখানেই আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমবারের মতো সিরিয়ার বিরোধীপক্ষকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন।
সিরিয়ায় একটি শান্তিরক্ষা মিশনের জন্য শান্তিরক্ষী বাহিনী অনুমোদন করতেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে আরব লিগ।
কিন্তু আরব-জাতিসংঘ যৌথ শান্তি মিশনের আহ্বান জানিয়ে আরব লিগের দেওয়া খসড়া প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সিরিয়া।
কায়রোয় নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত ইউসুফ আহমদ বলেন, আরব লিগের খসড়া এ পরিকল্পনায় ‘এসব দেশের আতঙ্কের প্রতিফলন’ ঘটেছে।
খসড়া এ প্রস্তাবে সিরিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সহযোগিতা বন্ধের আহ্বানও জানানো হয়েছে বলে বিবিসি জানায়।
আরব লিগ জানিয়েছে, তারা সিরিয়ার বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার পথ সুগম করাসহ সিরিয়াকে সব ধরনের রাজনৈতিক ও বস্তুগত সহায়তা দেবে। এছাড়া, বিরোধী দলগুলোকে আরো বেশি ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছে তারা।
আরব লিগ অবশ্য তাদের এ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত সিরিয়া বিষয়ক খসড়া প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দেওয়ার এক সপ্তাহ পর আরব লিগ নতুন এ উদ্যোগ নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৭১৯ঘ.
bdnews24