ইসলামাবাদ, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আদালত অবমাননার অভিযোগে সমন জারির বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী উইসুফ রাজা গিলানির আপিল শুক্রবার খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরী প্রধানমন্ত্রীর আপিল আবেদন খারিজ করে দেন।
আপিল আদালতের আট সদস্যের বেঞ্চের সিদ্ধান্ত পড়ে শুনিয়ে প্রধান বিচারপতি বলেন, “আপিলটি খারিজ করা হলো”।
আগামী সোমবার গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনারও সিদ্ধান্ত জানিয়েছে আদালত।
এতে করে রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত পাকিস্তানে নতুন করে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দেকে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
অভিযোগ প্রমাণিত হলে গিলানির ছয় মাসের কারাদণ্ড হতে পারে। এমন হলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হতে পারে।
সাজা হলে পদত্যাগে বাধ্য হতে পারেন প্রধানমন্ত্রী গিলানি। তবে এতে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকারের পতন হবে না। কিন্তু এর ফলে পিপিপি সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়ার আশঙ্কা আছে, এতে পরবর্তী সাধারণ নির্বাচনে ক্ষতিগ্রস্ত হতে পারে দলটি।
আদালতের আদেশ অমান্য করে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলার তদন্ত পুনরায় শুরু না করায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি করে সুপ্রিম কোর্ট।
রাষ্ট্রপ্রধানের দায়মুক্তি আইনের দোহাই দিয়ে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতি তদন্ত পুনরায় শুরু করতে অস্বীকৃতি জানিয়েছিল গিলানির নেতৃত্বধীন পাকিস্তান সরকার।
সেনা অভ্যুত্থান পরিকল্পনা ঠেকাতে সহায়তা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে স্মারক লিপি পাঠানো নয়ে সেনাবাহিনীর সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সুপ্রিম কোর্ট গিলানির আপিল আবেদন খারিজ করল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৩৭ঘ.
bdnews24