লস অ্যাঞ্জেলেস, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘদিন পর অবশেষে হলিউডের ‘ওয়াক অব ফেমে’ তারকা হিসাবে জায়গা করে নিলেন কিংবদন্তী রক অ্যান্ড রোল ব্যান্ড দল বিটলসের অন্যতম সদস্য পল ম্যাককার্টনি।
বৃহস্পতিবার ‘ওয়াক অব ফেম’ এ ম্যাককার্টনির নামের তারকা উন্মোচন করা হয়। ক্যাপিটল বিল্ডিংয়ের বাইরে বিটলসের অন্য তিন সদস্য তারকা জন লেনন, জর্জ হ্যারিসন এবং রিংগো স্টারের পাশেই স্থান পেয়েছে এ তারকা।
৬৯ বছর বয়সী ম্যাককার্টনি তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ছোটবেলায় লিভারপুলে থাকার সময় বাডি হোলিসহ অন্যান্য রক অ্যান্ড রোল তারকাদের গান শোনার সময় কখনো ভাবিনি এখানে একটা তারকা পেতে পারি। তখন এটা অসম্ভব মনে হলেও আজ এখানে দাঁড়িয়ে আছি আমরা।
তিনি বলেন, নিশ্চিতভাবেই লেনন জর্জ এবং রিংগোকে ছাড়া আমি এ জায়গায় আসতে পারতাম না। করতে পারতাম না। তাই এ তিনজনকে আন্তরিক ধন্যবাদ।
১৯৯৮ সালে ব্যান্ড দল হিসেবে ওয়াক অব ফেমে তারকা হিসাবে স্থান করে নেয় ‘ফ্যাব ফোর’ নামে পরিচিত চার সদস্যের ব্যান্ড ‘দি বিটলস’।
জন লেনন আলাদাভাবে তারকা হিসাবে স্থান পান তার মৃত্যুর কয়েক বছর পর ১৯৮০ সালে। জর্জ হ্যারিসনও মৃত্যুর পর ২০০১ সালে তারকা অর্জন করেন।
আর দলের অপর সদস্য রিঙ্গো স্টার এ তালিকায় আসেন ২০১০ সালে।
এবার ম্যাককার্টনি তারকা অর্জনের পর অনুষ্ঠানে বিভিন্ন স্মারক নিয়ে উপস্থিত হন ফ্যাব ফোরের শতশত ভক্ত। রিঙ্গো স্টার অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারলেও ম্যাকার্টনিকে সম্মান জানাতে উপস্থিত হন বিশ্বখ্যাত সঙ্গীতশিল্পী নিল ইয়ং।
যুক্তরাজ্যের লিভারপুল থেকে আসা ব্যান্ড বিটলস তাদের ‘লাভ মি ডু’, ‘ইয়েলো সাবমেরিন’, ‘লেট ইট বি’ গানগুলো নিয়ে ১৯৬০’র দশকে সারা বিশ্বে বিপুল জনপ্রিয়তা পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬০৪ঘ.
bdnews24