নয়াদিল্লি, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানকে পরমাণু কর্মসূচি বন্ধ করে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে রাজি করানোয় ভারত চাপ সৃষ্টি করুক এমনটিই চাইছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
আর তাই এ ব্যাপারে ইইউ ভারতের সহায়তা চাইবে বলে জানিয়েছেন ইইউ প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রম্পাই।
বৃহস্পতিবার ভারতের পত্রিকা টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরানকে স্পর্শকাতর কর্মসূচি পরিহার করে আলোচনায় ফিরিয়ে আনতে সহায়তা ও রাজি করাতে ভারতীয় নেতাদেরকে অনুরোধ জানানোর পরিকল্পনা করছি।”
ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে এ বছর নিষেধাজ্ঞা আরো কঠোর করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইরান পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্খা থেকেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে পশ্চিমা রাষ্ট্রগুলোর অভিযোগ।
তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে শান্তিপ্রিয় উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালানোর দাবি করে আসছে।
ভারতের তেল চাহিদার ১২ শতাংশই মেটানো হয় ইরান থেকে তেল আমদানি করে। তবে স¤প্রতি তেল নিষেধাজ্ঞার কারণে তা ব্যাহত হওয়ার আশঙ্কা আছে।
কেননা, যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্ররা ইরান থেকে তেল আমদানি বন্ধ করে বিকল্প পথ খোঁজার চাপ দিচ্ছে ভারতকে।
তবে ভারত এ চাপ উপেক্ষা করে আসছে এবং নিষেধাজ্ঞা অমান্য না করে ইরানের তেলের দাম পরিশোধের বিকল্প রাস্তা খুঁজছে।
ভারতীয় রুপিতে ইরানের তেলের দাম মেটাতে এ মাসেই তেহরান যাচ্ছে নয়াদিল্লি থেকে একটি প্রতিনিধি দল। রুপির হিসাবে নয়াদিল্লির কাছে পাওনা এক বছরের তেলের দামের ৪৫ শতাংশ গ্রহণ করতে রাজি হয়েছে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৯ঘ.
bdnews24