পেশাওয়ার, ফেব্র“য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন নেতা বদর মনসুরসহ চারজন নিহত হয়েছে।
বদর আল কায়েদা সংশ্লিষ্ট একটি পাকিস্তানি তালেবান গোষ্ঠীর সবচেয়ে ঊর্ধ্বতন কমান্ডার ও নেতা ছিলেন। আফগান সীমান্তবর্তী মিরানশাহ শহরে ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন। পাকিস্তানের কয়েকটি গোয়েন্দা ও তালেবান সূত্র একথা জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি তালেবান কমান্ডার রয়টার্সকে বলেন, “মিরানশাহে ছোট একটি বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতেন বদর। তিনি, তার স্ত্রী ও পরিবারের আরো দুই সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছে।”
হামলায় পাশের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা।
আল কায়েদা এখনো প্রকাশ্যে বদরের মৃত্যুর ব্যাপারে কোনো মন্তব্য না করলেও তার এক অনুসারী এএফপি’কে মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।
মিরানশাহে বুধবারও ড্রোন হামলা হয়েছে। ওই হামলায় ১০ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২১ঘ.
bdnews24