মালে, ফেব্র“য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মালদ্বীপের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ গ্রেপ্তারি পরোয়ানার মুখে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, আগামীতে তাকে জেলে পচেই মরতে হবে।
বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালের নিজ বাড়িতে বসে প্রায় ২শ সমর্থক ও সাংবাদিকদেরকে নাশিদ বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী চান প্রথম একজন সাবেক প্রেসিডেন্ট হিসাবে আমি সারা জীবন জেলে কাটাই।”
মালদ্বীপে কি ঘটে চলেছে সেদিকে আন্তর্জাতিক স¤প্রদায় নজর দেবে এমনটিই আশা করছেন জানিয়ে তিনি বলেন, “এখানে বাস্তবতা হচ্ছে আগামীতে আমাকে জেলবন্দি হয়েই থাকতে হবে।”
আর তাই আন্তর্জাতিক স¤প্রদায় এ ব্যাপারে আশু ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। একইসঙ্গে নিজ অবস্থানে অটল থেকে সরকারের বিরুদ্ধে লড়ে যাওয়ারও সংকল্প নেন নাশিদ।
নাশিদ ও তার প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহীম খলিফানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মালদ্বীপের একটি ফৌজদারি আদালত।
তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ‘স্পষ্ট নয়’ বলে উল্লেখ করেছেন নাশিদের দল মালদ্বীপ ডেমোক্রাটিক পার্টির (এমডিপি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
এমডিপি কর্মকর্তা আদম মানিক বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, “কী অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে- সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।”
তবে যে অভিযোগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হোক না কেনো তা মানতে রাজি বলে জানিয়েছেন নাশিদ। যার শিকার এর আগেও বহুবার হয়েছেন তিনি। সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের আমলে নাশিদের ছয় বছরের জেল হয়েছিল।
মঙ্গলবার নাশিদ পদত্যাগের পরদিনই জানান, তাকে বন্দুকের নলের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে। এর পরপরই নাশিদকে ক্ষমতায় ফেরানোর দাবিতে রাস্তায় বিক্ষোভে নামে তার সমর্থকরা। নাশিদ এ বিক্ষোভকে স্বতঃস্ফুর্ত বলে মন্তব্য করেছেন। কিন্তু সরকার পক্ষ একে সন্ত্রাসী তৎপরতা হিসাবেই দেখছে।
নাশিদের পদত্যাগের পর শপথ নেওয়া নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জামিল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নাশিদ ও তার সমর্থকদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছেন। নাশিদ নবগঠিত সাংবিধানিক সরকারকে উৎখাতের চেষ্টা চালাচ্ছেন বলে জামিল অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৪৬ ঘ.
bdnews24