২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়ের হত্যাযজ্ঞের জন্য ব্রেইভিকের পুরস্কার দাবি

নরওয়েতে ৭৭ জনকে হত্যার পুরস্কারস্বরূপ মেডেল পাওয়া উচিত বলে দাবি করেছেন ওই হত্যাযজ্ঞের হোতা ও আত্মস্বীকৃত খুনী এন্ডারস ব্রেইভিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 03:36 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

অসলো, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরওয়েতে ৭৭ জনকে হত্যার পুরস্কারস্বরূপ মেডেল পাওয়া উচিত বলে দাবি করেছেন ওই হত্যাযজ্ঞের হোতা ও আত্মস্বীকৃত খুনী এন্ডারস ব্রেইভিক। এছাড়া আদালতে নিজের মুক্তিও দাবি করছেন তিনি। অসলো জেলা আদালতে প্রাথমিক শুনানির শেষ পর্বে তিনি এ দাবি জানান। এপ্রিল থেকে তার পূর্ণ বিচার শুরু হবে। সিএনএন এ খবর জানিয়েছে। গত বছর জুলাইয়ে ব্রেইভিক নরওয়ের সরকারি সদর দপ্তরগুলোতে বোমা হামলা এবং এরপর উতোইয়া দ্বীপে এক সামার ক্যাম্পে নির্বিচারে গুলি চালিয়ে ৭৭ জনকে হত্যা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নরওয়েতে এটিই সবচেয়ে বড় হত্যাযজ্ঞ। তিনি ওই গণহত্যার দায় স্বীকার করেছেন। তার দাবি নরওয়ের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তিনি ওই হামলা চালান। সোমবার শুনানির সময় হত্যাযজ্ঞের দায় স্বীকার করার পরও তিনি কেন নিজেকে দোষী মনে করছেন না তা ব্যাখ্যা করার সুযোগ দেন বিচারক। জবাবে ব্রেইভক জানান, নরওয়েজিয়ান সংস্কৃতি ও নরওয়েজিয়ান জাতিসত্ত্বাকে ধ্বংস করাসহ দেশ ও মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা প্রতিহত করতে সরকারি সদরদপ্তরগুলোতে হামলা চালিয়েছিলেন তিনি। আদালতে তিনি বলেন, “আগামী ১০ বছরে অসলোয় জাতিগতভাবে নরওয়েজিয়ানরা সংখ্যালঘু হয়ে যাবে। এটা বাস্তবতা। আমি নরওয়েজিয়ানদের হয়ে প্রতিবাদ করেছি।” আর এ কারণেই তাকে মেডেল দেওয়া উচিত বলে দাবি করেছেন ডানপন্থি কট্টরবাদী ব্রেইভিক। ব্রেইভিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাই বিচারে সাজা পেলে তার ২১ বছর পর্যন্ত জেল হতে পারে। তবে মানসিক অসুস্থতার কথা বিবেচনা করা হলে তাকে মানসিক অসুস্থদের জন্য বিশেষ কারাগারে পাঠনো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩১ঘ.