২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেনে প্রবল শীতে ১০১ জনের মৃত্যু

প্রবল শীতে গত এক সপ্তাহে ইউক্রেনে ১০১ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 11:33 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল শীতে গত এক সপ্তাহে ইউক্রেনে ১০১ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মৃতদের অধিকাংশই গৃহহীন। এদের মধ্যে ৬৪ জনের লাশ রাস্তায় পড়েছিলো। তুষারক্ষতে, হাইপোথেরমিয়া ও ঠাণ্ডাজনিত অন্যান্য রোগে আরো কয়েকশ মানুষকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইউক্রেনে স্কুলকলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া সারাদেশে তিন হাজার আশ্রয় ও ত্রাণ শিবির খোলা হয়েছে। গৃহহীনদের চিকিৎসা শেষে হাসপাতাল না ছাড়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটির প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ জানিয়েছেন, শীত থেকে বাঁচতে গত তিন দিনে ১০০ কোটি কিউবিক মিটার গ্যাস পোড়ানো হয়েছে, যেখানে পুরো বছরের জন্য রাশিয়ার কাছ থেকে ২৭ শ’ কোটি কিউবিক মিটার গ্যাস পাওয়ার কথা রয়েছে ইউক্রেনের। গত সপ্তাহে পূর্ব ইউরোপের দেশগুলোতে তাপমাত্রা ছিল মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম। এদিকে বৃহস্পতিবার পোল্যান্ডে প্রবল ঠাণ্ডায় আরো অন্তত আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে দেশটিতে শীতের কারণে ৩৭ জনের মৃত্যু হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৭৩০ ঘ.