২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করবে তালেবান’

ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর তালেবান দেশটির ক্ষমতা পুনর্দখল করবে। আর এতে সমর্থন ও সহায়তা দিচ্ছে পাকিস্তান। মার্কিন গোপন সেনা তথ্য এমন আভাসই দিয়েছে বলে যুক্তরাজ্যের ‘টাইমস অব লন্ডন’ সংবাদপত্র বুধবার জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 08:00 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

লন্ডন, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর তালেবান দেশটির ক্ষমতা পুনর্দখল করবে। আর এতে সমর্থন ও সহায়তা দিচ্ছে পাকিস্তান। মার্কিন গোপন সেনা তথ্য এমন আভাসই দিয়েছে বলে যুক্তরাজ্যের ‘টাইমস অব লন্ডন’ সংবাদপত্র বুধবার জানিয়েছে। অনেক আফগানই মনে করে তালেবান শেষপর্যন্ত আবারও ক্ষমতা নিয়ে নেবে। গোপন সেনা প্রতিবেদনের বরাত দিয়ে ওই সংবাদপত্রটি জানায়, ‘এতে ন্যাটো নেতৃত্বাধীন বাহিনী তেমন কোনো সমস্যা নয়। তালেবান মনে করে, তাদের বিজয় সুনিশ্চিত।’ সংবাদপত্রটি জানায়, গত মাসে এই অতিগোপন প্রতিবেদন আফগানিস্তানের বাঘরাম বিমান ঘাঁটির মার্কিন সেনা ও ন্যাটোর কর্মকর্তারা যৌথভাবে তৈরি করে। কিন্তু এটি ফাঁস হয়ে গেছে। এই তথ্য বিবিসিও জানতে পেরেছে বলে দাবি করেছে। আফগানিস্তানের একটি বড় অংশের নিরাপত্তার দায়িত্ব ইতোমধ্যে দেশটির নিজস্ব বাহিনীর হাতে হস্তান্তর করেছে ন্যাটো। ২০১৪ সালের মধ্যে দেশটির বাকি অংশের দায়িত্বর ছেড়ে দিয়ে ন্যাটো বাহিনী ফিরে যাবে। টাইমস অব লন্ডন ও বিবিসি উভয় সংবাদমাধ্যমই দাবি করেছে, আফগানিস্তানে বিদেশি বাহিনীর ওপর তালেবানের হামলার নির্দেশনা ও সহায়তা দিচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, পাকিস্তানের পশ্চিম ও উত্তরপশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকা তালেবান, মুসলিম মৌলবাদীসহ অন্যান্য অপরাধীদের নিরাপদ স্বর্গ। ওই অঞ্চলগুলো থেকেই ওই সংগঠনগুলোর জঙ্গিরা তাদের সংগঠন পরিচালনাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সেনা ও ন্যাটো কর্মকর্তাদের ওই প্রতিবেদনটি তালেবান ও আল কায়েদার প্রায় ৪ হাজার বন্দিকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তৈরি করা হয়েছে। টাইমস জানিয়েছে, প্রতিবেদনে ব্যক্তি পর্যায়ে হামলার সংখ্যা খুবই কম বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পররাষ্ট্র বিভাগের কোনো কর্মকর্তাই এই প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করতে সম্মত হননি। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে ন্যাটো ও পাকিস্তানি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। ওই গোপন প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি আরো জানায়, “পাকিস্তান ও আইএসআই তালেবানের শীর্ষ নেতাদের অবস্থান জানে। সেই সঙ্গে আফগানিস্তানে বিদেশি বাহিনীর বিরুদ্ধে বোমা হামলার বিষয়টিও তারা সমর্থন করে।” “তালেবানের জ্যেষ্ঠ নেতারা আইএসআই’র কর্মকতার সাথে নিয়মিত বৈঠক করে। তিনি পাকিস্তান সরকারের উদ্বেগ ও কৌশল সম্পর্কে বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকেন”, জানায় বিবিসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৬ ঘ.