২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মালালার বাবাকে হত্যার হুমকি

পাকিস্তানে গুলিতে আহত তালেবানবিরোধী কিশোরী মালালা ইউসুফজাইয়ের বাবাকে হত্যার হুমকি দিয়েছে হামলার দায়িত্ব স্বীকার করা সংগঠনটির এক মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2012, 06:21 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে গুলিতে আহত তালেবানবিরোধী কিশোরী মালালা ইউসুফজাইয়ের বাবাকে হত্যার হুমকি দিয়েছে হামলার দায়িত্ব স্বীকার করা সংগঠনটির এক মুখপাত্র। ‘রেডিও মোল্লা’ নামে পরিচিত মওলানা ফয়জুল্লাহর সোয়াত তালেবান সংগঠনের মুখপাত্র সিরাজুদ্দিন আহমাদ এ হুমকি দেন বলে জানিয়েছে পাকিস্তানের ‘দ্য ডন’সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। সিরাজুদ্দিন জানান, ১৪ বছর বয়সী মালালাকে হত্যার জন্য ফয়জুল্লাহর বিশেষ বাহিনীর দুই সদস্যকে পাঠানো হয়। সোয়াত অঞ্চলে সক্রিয় পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবানের (টিটিপি) অন্তত ১০০ জন যোদ্ধার একটি বিশেষ বাহিনী আছে বলে জানান এ মুখপাত্র। মালালাকে হত্যা করতে পাঠানো হয় সোয়াত উপত্যকার বাসিন্দা ২০ থেকে ৩০ বছর বয়সী দুই যুবককে। আফগানিস্তানের কুনার প্রদেশে অবস্থানরত সিরাজুদ্দিন বলেন, ‘তাকে (মালালা) হত্যার কোনো পরিকল্পনা ছিলো না আমাদের, তবে আমাদের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করায় হামলা চালাতে বাধ্য হই আমরা।’ কয়েক মাস আগে একটি বৈঠকে মালালাকে হত্যা করার সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি। অ্যাসোসিয়েটেড প্রেসের একটি প্রতিবেদনে টিটিপি’র মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়, দু’মাস আগে মালালাকে হত্যার সিদ্ধান্ত নেয়া হয়। এরপর তিনবার সতর্ক করে দেয়া হয় তাকে। শেষবার সতর্ক করে দেয়া হয় এক সপ্তাহ আগে। মালালার ওপর হামলা চালানোর আগে হামলাকারী দু’জন মালালার স্কুলে যাওয়ার পথ, সময়, ব্যবহৃত যানবাহন, নিরাপত্তা ব্যবস্থা- এসব কিছুর তথ্য সংগ্রহ করে। যে কোনো অবস্থানেই তারা হামলা চালানোর সক্ষমতা রাখে এটা প্রমাণের জন্য একটি সেনা চেকপয়েন্টের কাছে হামলা চালানোর পরিকল্পনা করা হয়। সিরাজুদ্দিন বলেন, মালালাকে হত্যায় ব্যর্থ হওয়ায় এখন তার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাইকে হত্যা করা হবে। একটি বালিকা বিদ্যালয়ের এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার মেয়েকে তালেবানবিরোধী লেখালেখিতে উৎসাহ দিয়েছেন। সিরাজুদ্দিন বলেন, ‘আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারের পক্ষ নেবে যারা তাদেরই আমাদের হাতে মৃত্যুবরণ করতে হবে।’ ‘এর চেয়েও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শিগগিরই আমাদের শিকারে পরিণত হবে’, বলেন সিরাজুদ্দিন। ২০০৯ সালে সেনা অভিযানে সোয়াত অঞ্চল থেকে ফয়জুল্লাহ বাহিনীকে বিতাড়িত করা হয়। তবে আফগানিস্তানের সীমান্ত এলাকায় ছড়িয়ে রয়েছে এ সংগঠনের জঙ্গিরা। এর আগে এই অঞ্চলেই ১৭ জন পাকিস্তানি সেনাকে অপহরণ করে তাদের শিরশ্ছেদ করে জঙ্গিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২১৮ ঘ.