ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে গুলিতে আহত তালেবানবিরোধী কিশোরী মালালা ইউসুফজাইয়ের আরোগ্যের জন্য শুক্রবার বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের তথ্যমন্ত্রী মিয়া ইফতিখার হোসেন এ আহ্বান জানান বলে জানিয়েছে পিটিআই।
তিনি আরো জানান, এছাড়া সব শিক্ষা প্রতিষ্ঠানেও শুক্রবার সকালে মালালাসহ আহত আরো দুই কিশোরীর জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দুপুরে সব সরকারি কার্যালয়গুলোতে মালালার জন্য এক মিনিট নীরবতা পালন করা হবে।
লাহোরে ৫০ জনেরও বেশি ইমাম ও সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের মুসলিম পণ্ডিত এক যৌথ বিবৃতিতে মালালার উপর হামলাকে ‘ইসলাম ও শরিয়া পরিপন্থী ঘটনা’ বলে উল্লেখ করেছেন।
এতে ইমামরা আরো বলেন, ইসলাম নারীকে জ্ঞানার্জন করা থেকে বিরত রাখে না। সব পুরুষ ও নারীরই শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। ইসলামে একজন নিরপরাধ ব্যক্তি হত্যা করাকে পুরো মানবতা হত্যা করার সমান বলে উল্লেখ করা হয়েছে।
এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্রের ড্রোন হামলাকে অন্য মুসলিমদের ওপর হামলা করার যুক্তি হিসেবে দাঁড় করানো যাবে না। তবে এ বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও মুসলিম বিশ্বের শত্র“ হিসেবে উল্লেখ করা হয়।
গত মঙ্গলবার সোয়াত উপত্যকার মিনগোরাতে ১৪ বছর বয়সী মালালা ও তার দুই বান্ধবীকে তাদের স্কুলের সামনেই গুলি করে তালেবান জঙ্গিরা। বুধবার মালালার মেরুদণ্ডের কাছাকাছি বিদ্ধ গুলিটি বের করতে তিন ঘণ্টার অস্ত্রোপচার সফল হলেও তার জ্ঞান ফিরতে দেরি হচ্ছিলো।
উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার বিকালে মালালাকে পেশওয়ার থেকে রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।
মালালার জ্ঞান ফেরার জন্য এর মধ্যেই করাচি, লাহোর, ফয়সালাবাদ, সোয়াতসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে প্রার্থনাসভার আয়োজন করেছে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
মুলতানে একটি হাসপাতালের নার্সরা মালালার আরোগ্যের জন্য মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন। মালালার উপর হামলাকে ‘সব মা ও মেয়েদের উপর হামলা’ বলে উল্লেখ করেন তারা।
পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান মালালার উপর হামলার কথা স্বীকার করেছে।
তালেবান অধ্যুষিত সোয়াতে নারীশিক্ষার ওপর তালেবানি নিষেধাজ্ঞা জারির বিরুদ্ধে বিবিসি অনলাইনের ব্লগে লেখালেখি শুরু করলে পরিচিত হয়ে ওঠে কিশোরী মালালা ইউসুফজাই।
২০০৯ সালে জঙ্গি বিদ্রোহীদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু হওয়ার আগে সোয়াত তাদের সবচেয়ে বড় ঘাঁটি ছিলো।
গতবছর পাকিস্তানের প্রথম জাতীয় শান্তি পুরস্কার দেয়া হয় মালালাকে।
এদিকে মালালার ওপর হামলার ঘটনা সারাবিশ্বে আলোচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপশিল্পী ম্যাডোনা একটি কনসার্টে মালালাকে উৎসর্গ করেন তার একটি গান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৫৬ ঘ.
bdnews24