অসলো, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নোবেল শান্তি পুরস্কার কমিটি শুক্রবার ২০১২ সালের শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করবে। কিন্তু কে হতে যাচ্ছেন চলতি বছরের শান্তি পুরস্কার জয়ী?
ইউরোপীয় ভিন্নমতাবলম্বী, ইউরোপীয় ইউনিয়ন, না মুসলিম- খ্রিস্টান শান্তি প্রচেষ্টার অগ্রদূত কোনো ধর্মীয় নেতা।
নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এর প্রধান গিয়ার লন্দিস্তুাদ বলেন, “বিশ্ব দিন দিন আরো শান্তিপূর্ণ হয়ে উঠছে এই ধারণা দীর্ঘদিন থেকেই প্রচলিত। তাই প্রতি বছর শান্তি পুরস্কারের বিজয়ী নির্বাচন করা কঠিন হয়ে পড়ছে।”
কে নোবেল শান্তি পুরস্কার পেতে যাচ্ছেন এ বিষয়ে নরওয়েজিয়ান গণমাধ্যম এনআরকে’র ভাষ্য অনেক সময়ই সঠিক প্রতিপন্ন হয়েছে। এবারের পুরস্কার বিজয়ী ২০১১ সালের মতো হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০১১ সালে তিনজন নারী পুরস্কারটি পেয়েছিলেন।
চলতি বছর পুরস্কার কে পাবেন এ বিষয়ে এনআরকে’র ভাষ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অথবা রাশিয়া, বেলারুশ বা মেক্সিকোর কোনো ভিন্নমতাবলম্বী অধিকার আন্দোলনকর্মী শান্তি পুরস্কার পেতে পারেন।
এনআরকে’র ভাষ্যকার নট ম্যাগনুস বার্গা বলেন, “নরওয়েজিয়ানদের কাছে সবচেয়ে বিস্ময়কর হবে যদি ইইউ পুরস্কারটি পায়।”
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপকে একত্র করার ক্ষেত্রে ইইউ’র ঐতিহাসিক ভূমিকা ও ঋণ সঙ্কটে জর্জরিত ইউরো জোনকে উদ্ধারে নেতৃত্ব দেওয়ার কৃতিত্বের কারণে ইইউ পুরস্কারটি পেতে পারে বলে মনে করেন বার্গা।
কিন্তু পুরস্কার কমিটির পাঁচজনকেই বাছ্ইা করে নরওয়ের পার্লামেন্ট আর এই পার্লামেন্ট দুই দুইবার ইইউ এ যোগ দেওয়ার বিরুদ্ধে ভোট দিয়েছিল। তাই শান্তি পুরস্কারের জন্য ইইউকে মনোনীত করা স্ববিরোধী হবে বলে মনে করেন পর্যবেক্ষকরা।
এ বিষয়ে লন্দিস্তুাদ বলেন, “ইউরোপীয় ইউনিয়নের ব্যাপারে নরওয়েতে বিরাজমান বিভক্তির কথা আমরা সবাই জানি, আর নরওয়ের মধ্যপ্রাচ্য দৃষ্টিভঙ্গিতেও বিভক্তি বিদ্যমান। এ অবস্থায় ইইউ আর মধ্যপ্রাচ্যকে বাদ দিলে পুরস্কার কে পেতে যাচ্ছে তা বলা অত্যন্ত সহজ হয়ে যায়।”
ওসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রধান ক্রিশ্চিয়ান বার্গ হার্পভাইকেন বলেন, “ইইউকে পুরস্কারটি দেওয়া অত্যন্ত স্ববিরোধী হবে।”
এনআরকে কে তিনি বলেন, “নিজেদের সমস্যা সমাধানে ব্যর্থ ইউউ’কে ২০১২ সালের শান্তি পুরস্কার দেওয়া ঠিক হবে না।”
এসব বিবেচনায় লন্দিস্তুাদের ইঙ্গিত মতো ধরে নেওয়া যায়, ইইউ ও মধ্যপ্রাচ্য বাদ পড়লে থাকছে শুধু রাশিয়া, বেলারুশ ও মেক্সিকো। আর তাতে করে পুরস্কার পাচ্ছেন অধিকার আন্দোলনের ভিন্নমতাবলম্বী কোনো কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৯ ঘ.
bdnews24