জেরুজালেম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানে কয়েক মাসের মাসের মধ্যেই হামলা চালানোর ইঙ্গিত দেয়ার পর নিজের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করতেই নেতানিয়াহু এ ঘোষণা দিলেন বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা গেছে, নির্ধারিত সময়ের প্রায় আট মাস আগে অনুষ্ঠেয় এ নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি বড় ধরনের সুবিধা পাবে। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
টেলিভিশনে এক ভাষণে নেতানিয়াহু বলেন, ২০১৩ সালের বাজেট সংকোচনের প্রস্তাবে তার জোট সরকারের অন্যান্য সদস্যদের সঙ্গে মতবিরোধের কারণেই আগাম নির্বাচন ঘোষণা করা হয়েছে।
ভাষণে তিনি জানান, খুব শিগগিরই পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ জানানো হবে। নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি নিজেই প্রশাসনের কাজে নেতৃত্ব দেবেন।
আসন্ন নির্বাচনে আবার জয় হলে নতুন মার্কিন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের প্রায় সঙ্গে সঙ্গেই দায়িত্ব গ্রহণ করবেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী। বেনিয়ামিন নেতানিয়াহু ২০০৯ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হন।
ইরানে হামলা চালানোর পক্ষে ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরায়েলকে নিশ্চিত করতে হবে যে, ইরান পরমাণু বোমা বানাচ্ছে না।
‘নির্বাচনের সময়সূচি ইরানে সামরিক হামলার পরিকল্পনা ও সময়সূচিতে কোন প্রভাব ফেলবে না’, বলেন তিনি।
আগামী বছরের গ্রিষ্মের মধ্যেই ইরানে হামলা চালানো হতে পারে বলে গত মাসে জাতিসংঘে এক ভাষণে আভাস দেন নেতানিয়াহু। ওই ভাষণে তিনি অভিযোগ করেন, ইরান যে কোন সময় পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু করতে পারে।
মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে পরিচিত ইসরায়েলের এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান। তাদের পারমাণবিক কার্যক্রম শান্তিপূর্ণ বলে শুরু থেকেই দাবি করে আসছে দেশটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬০৫ঘ.
bdnews24