২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার পরিস্থিতি নিয়ে তুর্কি প্রেসিডেন্টের হুঁশিয়ারি

সিরিয়ার পরিস্থিতি তুরস্কের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করছে অভিযোগ করে নিজেদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 08:08 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

তুরস্ক, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার পরিস্থিতি তুরস্কের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করছে অভিযোগ করে নিজেদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল। সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছয়দিন ধরে সিরিয়া-তুরস্ক সীমান্তে দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোল বিনিময়ের মধ্যেই এই বক্তব্য দিলেন তুর্কি প্রেসিডেন্ট। গত বুধবার তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী আকাকেলায় সিরীয় মর্টার বোমায় পাঁচ তুর্কি নাগরিক নিহত হওয়ার মধ্য দিয়ে এই পাল্টাপাল্টি হামলা শুরু হয়। সোমবারও সিরীয় সীমান্তবর্তী তুরস্কের হাতা এলাকায় সিরীয় মর্টার বোমা এসে পড়ে। এর জবাবে পাল্টা গোলাবর্ষণ করে তুর্কি বাহিনী। প্রেসিডেন্ট গুল বলেন, সিরিয়ায় সহিংসতা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন অবশ্যম্ভাবী। তিনি বলেন, “সিরিয়ায় এখন চরম অবস্থা বিরাজ করছে। আমাদের সরকার সেনাবাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছে। আপনারা দেখছেন, প্রয়োজনানুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে, এটি চলতে থাকবে।” “আজ হোক কাল হোক সিরিয়ায় পরিবর্তন আসবেই। সিরিয়ায় সংঘাত আরো ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আগেই আন্তর্জাতিক মহলের এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত,” বলেন তিনি। সিরিয়ায় সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিতে সিরীয় বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট বাশারের অনুগত বাহিনীর যুদ্ধ চলছে। এ পরিস্থিতিতে গত কয়েকদিনে সিরিয়ার ভিতর থেকে নিক্ষিপ্ত বেশ কয়েকটি মর্টার বোমা সীমান্ত অতিক্রম করে তুরস্কের ভিতরে গিয়ে পড়ে। পরিস্থিতি মোকবেলায় নয়শ’ কিলোমিটার বি¯তৃত সিরিয়া সীমান্ত জুড়ে দৃঢ় অবস্থান নিয়েছে তুর্কি সেনাবাহিনী। প্রতিটি সিরীয় গোলার জবাবে বিভিন্ন সিরীয় সেনা অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে তুর্কি বাহিনী। এদিকে, সোমবার সিরিয়ার ইসলামপন্থী জঙ্গিদল আল-নুসরা ফেইসবুকে পোস্ট কার এক বিবৃতিতে দাবী করেছে, দামেস্কের হারতাস্তা উপশহরে বিমান বাহিনীর গোয়েন্দাদের একটি দপ্তরে দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে আল-নুসরা যার সত্যতা যাচাই করা যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন হারতাস্তা এলাকায় বিস্ফোরণের কথা জানালেও হামলার ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৩৫৪ ঘ.