২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে সিরিয়ার হামলার নিন্দায় জাতিসংঘ

তুরস্কের সীমান্ত শহরে সিরিয়ার মর্টার হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এক বিবৃতিতে বলা হয়েছে, “আন্তর্জাতিক আইনের এ ধরনের লঙ্ঘন অবিলম্বে বন্ধ হোক। এর পুনরাবৃত্তি যেন আর না ঘটে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2012, 10:47 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

তুরস্ক, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরস্কের সীমান্ত শহরে সিরিয়ার মর্টার হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায়’ সিরিয়া সঙ্কটের মারাত্মক প্রভাবেরই প্রতিফলন ঘটেছে এ ঘটনার মধ্য দিয়ে। সংঘাতপূর্ণ সিরিয়া থেকে বুধবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের আক্কালে শহরের একটি বসতিতে মর্টার হামলায় পাঁচ তুর্কি নিহত হয়। এর জবাবে সিরিয়ায় কামান হামলা চালায় তুরস্ক। এরপর প্রয়োজনবোধে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যে সামরিক হামলা চালানোর অনুমোদন দেয় তুরস্কের পার্লামেন্ট। তবে তুরস্ক সিরিয়ার সঙ্গে যুদ্ধ বাধাতে চায় না বলেও দাবি করেছে দেশটি। জাতিসংঘ বিবৃতিতে তুরস্কে সিরিয়ার হামলার নিন্দা জানিয়ে বলা হয়েছে, “আন্তর্জাতিক আইনের এ ধরনের লঙ্ঘন অবিলম্বে বন্ধ হোক। এ ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে।” একইসঙ্গে এতে সিরিয়া সরকারকে প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানোর পাশাপাশি সংযত থাকার আহ্বান জানানো হয়। ‘প্রতিবেশী দেশগুলোসহ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায়’ সিরিয়া সঙ্কট স্পষ্টতই মারাত্মক পরিণতি ডেকে আনছে বলে বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এর আগে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার’ কথা উল্লেখ করে সিরিয়ার বিরুদ্ধে প্রণীত একটি খসড়া নিন্দা বিবৃতিতে বাধ সেধেছে রাশিয়া। বিবিসি’র এক সংবাদদাতা বলেছেন, সিরিয়ার মর্টার হামলার বিরুদ্ধে জাতিসংঘের দেয়া নিন্দা বিবৃতিটিতে কঠোর ভাষা ব্যবহার করা হলেও তা রাশিয়ার সঙ্গে আপোসরফার পরই দেয়া হয়েছে। এর আগে সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আনা কয়েকটি প্রস্তাবনায় চীনের সঙ্গে সঙ্গে ভেটো দিয়েছিল রাশিয়া। এবারও সিরিয়ার মর্টার হামলার সঙ্গে তুরস্কের পাল্টা হামলার ঘটনা মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি নিন্দা বিবৃতি তৈরিতে সচেষ্ট ছিল রাশিয়া। কিন্তু এ চেষ্টায় পুরোপুরি সফল না হলেও অন্তত সিরিয়ার হামলাকে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা’য় হুমকি হিসাবে চিহ্নিত করে প্রণীত খসড়া বিবৃতি আটকাতে পেরেছে রাশিয়া। সিরিয়ার হামলাকে আন্তর্জাতিক হুমকি হিসাবে চিহ্নিত করা গেলে এর বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বড় ধরনের ব্যবস্থা নেয়ার সুযোগ থাকত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৬৪০ঘ.