হ্যারিসবার্গ, ভার্জিনিয়া, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফাঁস হয়ে যাওয়া ভিডিওতে ৪৭ শতাংশ আমেরিকানের সমালোচনা করে করা মন্তব্য ‘সম্পূর্ণ ভুল’ ছিল বলে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রে ৬ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি।
বৃহস্পতিবার ফক্সনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে রমনি প্রথমবারের মতো নিজের ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন, তিনি ওই বিষয়ে ‘পুরোপুরি ভুল’ বলেছেন।
গত মে মাসে নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠানে রমনি বলেন, ৪৭ শতাংশ আমেরিকান কোনো আয়কর দেন না এবং তারা সরকারের উপর নির্ভরশীল। এই ভোটাররা সম্ভবত তাকে ভোট দেবে না।
গত ১৭ সেপ্টেম্বর ‘মাদার জোনস’ নামের একটি পত্রিকা রমনির এ ভিডিও ফাঁস করে দেয়ার পর তিনি এ বক্তব্য সমর্থন করেছিলেন। এতে তার বক্তব্য ‘অমার্জিতভাবে’ উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেছিলেন রমনি।
ভিডিওটি ফাঁস হয়ে যাওয়ার পর ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামার বিপক্ষে রমনির প্রচারাভিযান বেশ হোঁচট খায়।
বুধবার ডেনভারে প্রেসিডেন্ট নিবাচনে দুই প্রার্থীর প্রথম টেলিভিশন ভাষণে রমনির ‘৪৭ শতাংশ’ মন্তব্য নিয়ে কোনো প্রশ্ন না তুললেও বিভিন্ন প্রচারণায় এ ব্যাপারে ছেড়ে কথা বলেননি ওবামা।
এ বিষয়ে প্রশ্ন উঠলে কী উত্তর দিতেন জানতে চাইলে রমনি বলেন, প্রায়ই এমন কিছু কথা বলা হয়ে যায় যা ঠিক না। এটিও তেমন একটি বিষয়, যে বিষয়ে আমি ‘পুরোপুরি ভুল’ বলেছি।
তিনি আরো বলেন, ‘তবে আমি যে সবসময়ই শত ভাগ ভোটারকে গুরুত্ব দেই তা প্রকাশ পেয়েছে বলেই মনে করি। আমি প্রেসিডেন্ট হলেও শত ভাগ নাগরিকের জন্যই কাজ করব।
এ ভিডিওটির ব্যাপারে বিতর্কে প্রশ্ন না তোলায় কিছুটা ক্ষুব্ধ হয়েছেন বারাক ওবামার সমর্থকরা। প্রথম বিতর্কে ওবামা পরাজিত হয়েছেন বলেও মন্তব্য করছেন বিতর্ক পর্যবেক্ষণকারীরা।
এ মাসেই দুই প্রার্থীর মধ্যে আরো দুটি বিতর্ক হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৫৮ঘ.
bdnews24