২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কে ‘রমনির জয়’, এটুকুই যথেস্ট?

নির্বাচনপূর্ব একের পর এক জরিপে প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে পিছিয়ে থাকা রমনি এবার ডেনভার বিতর্কের শুরুতেই জয় ছিনিয়েছেন। কিন্তু নির্বাচনে জিততে এ জয়ই তার জন্য যথেষ্ট কিনা প্রশ্ন সেটিই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

ওয়াশিংটন, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচনপূর্ব একের পর এক জরিপে প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে পিছিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রমনি এবার ডেনভারে প্রথম বিতর্কের শুরুতেই জয় পেয়েছেন। কিন্তু ওবামার সঙ্গে এ ব্যবধান তৈরি করতে রমনির অনেক দেরী হয়ে গেল কিনা প্রশ্ন সেটিই। বিতর্কের সাফল্যে রমনি সিদ্ধান্তহীনতায় ভোগা ভোটারদের তার দলে টানলেও টানতে পারেন। পেতে পারেন তার সতীর্থ রিপাবলিকানদের বাহবা। গণমাধ্যমেও তার জয়জয়কারের খবরে জনসমর্থনের ঢেউ খেলে যেতে পারে তার অনুকূলে। কিন্তু তারপরও ৬ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আর মাত্র এক মাসের কিছু বেশি সময় বাকি। এত অল্প সময়ে জনসমর্থনের দিক দিয়ে ওবামাকে ছাড়িয়ে যওয়ার পট প্রন্তুত করার সময় দ্রুতই ফুরিয়ে আসছে রমনির। বিভিন্ন জনমত জরিপে এ পর্যন্ত ওবামাই জয় ধরে রেখেছেন। এ জয়ের ধারা ডেনভারের বিতর্কে রমনির একদিনের সাফল্যই উড়িয়ে দেয়া একরকম অসম্ভব। বেশকিছু অঙ্গরাজ্যে ইতোমধ্যেই জনমত যাচাইয়ে আগাম ভোট শুরু হয়েছে। ৬ শতাংশ মানুষ এতে অংশও নিয়েছে। তাছাড়া, যুক্তরাষ্ট্রের যেকোন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে মুখোমুখি বিতর্ক স্মরণীয় ঘটনা হলেও নির্বাচনী ফল নির্ধারণে এর প্রভাব সামান্যই। বিতর্কের মঞ্চে ওবামা হয়তো ততটা স্পষ্ট সাফল্য পাননি, কিন্তু তিনি পরিস্থিতি এমনভাবে সামাল দিয়েছেন যেন তার সমর্থকদের সংখ্যা কমে না যায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক স্যামুয়েল পপকিন বলেছেন, “এ বিতর্কের ভিত্তিতে কোন ভোটার সিদ্ধান্ত বদলাবে না।” কিন্তু বিতর্কের মঞ্চে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে প্রথমবার দাঁড়িয়ে ভোটারদের মন জয় করতে পুরো সুযোগই কাজে লাগিয়েছেন রমনি। সামনে বিতর্কের বাদবাকী দিনগুলোতেও তিনি এ সুযোগ পাবেন। ওবামার সঙ্গে বিতর্কে রমনির প্রথমদিনের সাফল্য সম্পর্কে ‘ইয়ংস্টোওন স্টেট’ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক অধ্যাপকের মন্তব্য, “রমনি জিতেছেন। সবচেয়ে বিস্ময়ের বিষয় হচ্ছে তিনি স্পষ্টতই জিতেছেন।” বুধবার ৯০ মিনিটের এ বিতর্কের পর সিএনএন পরিচালিত এক ‘চকিত জরিপে’ দেখা গেছে, ৬৭ শতাংশ আমেরিকানদের মতে এ বিতর্কে রমনি জয়ী হয়েছেন। অনলাইন জরিপ সংস্থা ইনট্রেড পরিচালিত জরিপে ওবামার সমর্থন ৭৪ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে পৌঁছেছে। তবে অন্যান্য জনমত জরিপে ওবামাই জয় ধরে রেখেছেন। রয়টার্স ও আইপিসোস পরিচালিত জরিপে বুধবার ওবামার জনসমর্থন ৪৭ শতাংশ ও রমনির ৪১ শতাংশ দেখা গেছে। অন্য আরো জরিপে ওবামা এগিয়ে রয়েছেন। এছাড়া, রাজনৈতিক বিভক্তি রয়েছে এমন অঙ্গরাজ্যগুলোতে এগিয়ে রয়েছেন ওবামা। জরিপ পরিচালকদের অনেকেই আগামী মাসগুলোতে ওবামার জনসমর্থন কিছুটা কমে আসবে বলে ধারণা করলেও নির্বাচনী বিতর্কের কারণে এক্ষেত্রে খুব বেশি হেরফের হবে না বলেই মনে করছেন। জনমত জরিপে সাধারণত জনসমর্থনের পাল্লা গড়ে ১ শতাংশ কমবেশি হয়। সেই ১৯৮৮ সাল থেকে চলমান প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে এমন ধারাই দেখা গেছে। তবে জনমতের সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছিল ২০০৪ সালে। ওই সময় রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশের চেয়ে ২ দশমিক ৩ শতাংশ এগিয়ে গিয়েছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জন কেরি। কিন্তু নির্বাচনে জিতেছিলেন বুশই। আর সে অভিজ্ঞতা থেকেই বিশেষজ্ঞরা বলছেন, এবার যারা রমনির বিরুদ্ধে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তারা আর মত বদলাবেন না; তা নির্বাচনী বিতর্কে তাকে যতই প্রেসিডেন্টের মত দৃঢ়চেতা দেখাক না কেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০৮ঘ.