ডেনভার, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে কয়েক মাস পরস্পরের বিরুদ্ধে প্রচারণা শেষে প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিলেন ডেমক্রেট প্রার্থী বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনি।
প্রথমবার মুখোমুখিতেই রমনি বেশ আক্রমণাত্মক ছিলেন। অন্যদিকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতাকারী ওবামা কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতেই বিষয়টি সামলেছেন।
বুধবার পিবিএস এর অ্যাঙ্কর জিম লেহরারের সঞ্চালনায় ইউনিভার্সিটি অব ডেনভারে বিতর্কে অংশ নেন ওবামা ও রমনি।
বিতর্কটি সরাসরি টেলিভিশনে স¤প্রচার করা হয়। মূলত কর, স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বেকার সমস্যা এবং সরকারের ভূমিকা নিয়েই উভয়প্রার্থী পরস্পরের সমালোচনা করেন।
প্রচার ও জনমত জরিপে কিছু পিছিয়ে থাকায় রমনি বেশ আগ্রাসী ভঙ্গিতে ওবামা সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেন। এর মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার ভিত্তি জোরদার করাে চেষ্টা করেন তিনি।
দৃশ্যত পূর্ণ প্রস্তুতি নিয়ে আসা রিপাবলিকান প্রার্থী রমনি বলেন, “আমি এখন খুবই উদ্বিগ্ন, আমরা একটি অসফল পথ পেরিয়ে এসেছি। চার বছর আগে ক্ষমতা গ্রহণের সময় যে দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি হাজির হয়েছিলেন, এখনো প্রায় একই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি এগোচ্ছেন। এতে ব্যয় বেড়েছে প্রচুর, কর বেড়েছে, নিয়ন্ত্রণ বেড়েছে। আপনি মনে করতে পারেন যে, একটি অধোগামী সরকার দিয়েও কাজ চালানো যায়, তবে আমেরিকার জনগণের জন্য তা সঠিক উত্তর নয়।”
ওবামা বলেন, রমনি সেই একই ধরনের কর ঘাটতি কমানোর প্রস্তাবকে উৎসাহিত করছেন, যা সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০১ ও ২০০৩ সালে কংগ্রেসে উপস্থাপন করেছিলেন।
“আমরা উদ্বৃত্ত থেকে ভর্তুকিতে আসা বন্ধ করেছি। আর এসবই হয়েছে বৈশ্বিক চরম মন্দার (অর্থনীতি) কঠিন সময়েই।”
এই বিতর্কে রমনির জয়ী হওয়াটা খুব জরুরি। কেননা গত কয়েক সপ্তাহে নির্বাচনী প্রচারে তার সময়টা ভাল কাটেনি। এই বিতর্কে ওবামার ওপর প্রাধান্য বিস্তার করতে পারলে তার নির্বাচনী প্রচারে পালে হয়তো কিছুটা হাওয়া লাগবে।
সম্প্রতি গোপন ক্যামেরায় ধারণ করা এক ভিডিওতে দেখা যায়, রমনি বলছেন, আমেরিকার ৪৭ শতাংশ মানুষ সরকারের ওপর নির্ভরশীল। আর তারাই ওবামাকে সমর্থন দিয়ে যাচ্ছেন।
ওই ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর রমনির ভাবমূর্তিতে ধস নামে। জরিপে তিনি আরো পিছিয়ে পড়েন।
অন্যদিকে জনমত জরিপ ও নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে বেশ খানিকটা এগিয়ে থাকা ওবামা নিজের অবস্থান ধরে রাখতে চাইছেন যে কোনো মূল্যে।
নির্বাচনের ৩৪ দিন আগে জাতীয় নীতি নিয়ে প্রথম বিতর্কে মুখোমুখি হলেন দুই মার্কিন নেতা। এরপর নির্বাচনের আগে বাকি চার সপ্তাহে আরো দুবার তারা বিতর্কে নামবেন।
সর্বশেষ মঙ্গলবার প্রকাশিত ‘এনবিসি নিউজ’ ও ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ পরিচালিত জরিপে দেখা যায়, ওবামার পক্ষে ৪৯ শতাংশ এবং রমনির হয়ে ৪৬ শতাংশ মার্কিন নাগরিক কথা বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০০ ঘ.
bdnews24