২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধের হুমকি ইরানের

পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরোনিয়াম সমৃদ্ধ করার হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

দুবাই, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরোনিয়াম সমৃদ্ধ করার হুমকি দিয়েছে। ইরানের একজন আইনপ্রণেতার এ হুমকিতে ইরানের পরমাণু লক্ষ্য নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ আরো বাড়বে। ইরানের পার্লামেন্টের পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির উপ-প্রধান মনসুর হাকিকাতপুর বলেছেন, পরমাণু ডুবজাহাজের জ্বালানির যোগান নিশ্চিত করতে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করা হবে। ডুবজাহাজ পরিচালনার জন্য সাধারণত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করতে হয়। তবে পারমাণবিক বোমা তৈরির জন্য ৯০ শতাংশের কাছাকাছি ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন পড়বে ইরানের। হাকিকাতপুরের ঘোষণা অনুযায়ী, ইরান ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করলে ওই লক্ষ্যে অনেকখানিই এগিয়ে যাবে দেশটি। পশ্চিমা বিশ্বের ধারণা, ইরানের পরমাণু কর্মসূচির মূল লক্ষ্য পারমাণবিক বোমা তৈরি করা। কিন্তু ইরানের দাবি, শান্তিপূর্ণ উদ্দেশে জ্বালানি চাহিদা মেটানোর জন্য তারা এ কর্মসূচি পরিচালনা করছে। ইরানের পররাষ্ট্রনীতি বিষয়ক ইস্যুগুলোতে সিদ্ধান্ত নেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তোল্ল¬াহ আলি খামেনি। পার্লামেন্ট এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেয় না। তবে হাকিকাতপুরের মন্তব্য দেশটির পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে পশ্চিমা দাবির বিরুদ্ধে ইরানের অনঢ় অবস্থানেরই বহিঃপ্রকাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৬ঘ.