ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীদের হেয় করে বক্তব্য দেওয়ার পর ক্ষমা চাইলেন ভারতের কয়লা বিষয়ক মন্ত্রী শ্রীপ্রকাশ জসওয়াল।
বিবাহিত নারীরা বয়সের সঙ্গে ‘পুরনো হয়ে যায়’ বলে জসওয়াল তার বক্তব্যের এক পর্যায়ে উল্লেখ করেন। ভারতীয় ক্রিকেট দলের ম্যাচ জয়ের সঙ্গে বিবাহিত নারীদের তুলনা করেন তিনি।
প্রকাশ জসওয়াল নিজের বক্তব্যের ওই অংশকে ‘কৌতুক’ বলে উল্লেখ করেছেন বলে জানিয়েছে বিবিসি।
তিনি বলেন, নারীদের অসম্মান করার উদ্দেশ্য ছিলো না আমার।
সোমবার উত্তরাঞ্চলের কানপুর শহরে এক হিন্দি কবিতা উৎসবে দেওয়া বক্তব্যে তিনি ওই কথা বলেন। বিভিন্ন নারী সংগঠন মন্ত্রীর ওই বক্তব্যকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে মন্তব্য করেছে।
শ্রীলঙ্কায় টি২০ বিশ্বকাপ প্রতিযোগিতায় পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে ভারতের জয়কে ‘নববিবাহিত স্ত্রী’র সঙ্গে তুলনা করেন জসওয়াল। সময়ের সঙ্গে স্ত্রীর মতো এ বিজয়ও পুরনো হয়ে যায় বলে নিজের বক্তব্যে উল্লেখ করেন তিনি।
বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তার এ বক্তব্য প্রচারিত হলে তিনি সমালোচিত হন।
বিরোধী দল বিজেপি জসওয়ালের বক্তব্যের ওই অংশকে ‘লিঙ্গ বৈষম্যমূলক’ ও ‘অসংবেদনশীল’ আখ্যা দিয়েছে।
নারী বিষয়ক জাতীয় কমিশনের প্রধান মমতা শর্মা মন্ত্রীর বক্তব্যকে ‘খুবই দুঃখজনক’ বলে মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪৯ ঘ.
bdnews24