আবুজা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস)- নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি ছাত্রাবাসে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে।
আদামাওয়া রাজ্যের মুবি শহরে ফেডারেল পলিটেকনিক ক্যাম্পাসের কাছাকাছি সোমবার রাতে শিক্ষার্থীদের একটি হোস্টেলে এ হামলা হয় বলে জানিয়েছে ওই কলেজের একজন মুখপাত্র।
শিক্ষা প্রতিষ্ঠানটির একজন প্রভাষক বিবিসি’কে জানান, ৪০ জনের বেশি শিক্ষার্থী মারা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ওই শহরে ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের বড় ধরনের অভিযান পরিচালনার কয়েকদিন পর এ হত্যাকাণ্ড ঘটল।
নাম না প্রকাশ করার শর্তে ওই প্রভাষক জানান, সামরিক পোশাক পরা কয়েকজন ব্যক্তি শিক্ষার্থীদেরকে লাইন ধরে দাঁড় করানোর পর তাদের নাম জিজ্ঞেস করে।
এরপর তাদের কয়েকজনকে গুলি এবং কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়। নিহতদের মধ্যে কয়েকজন মুসলিম ও খ্রিস্টান রয়েছে।
মুবি শহরটিতে মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মাবলম্বীর মানুষ বাস করে। ঘটনার পর শিক্ষার্থীরা শহর ছেড়ে পালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বোকো হারাম নাইজেরিয়ায় ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে এবং হামলা চালিয়ে যাচ্ছে। তবে মুবি শহরে এ হামলার ব্যাপারে তারা এখনো কোন মন্তব্য করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৮ঘ.
bdnews24