২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স্কদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ

বিশ্বে দ্রুত বয়স বাড়তে থাকা জনগোষ্ঠীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির প্রভাব মোকাবেলায় বাড়তি প্রস্তুতি নেয়া প্রয়োজন বলে জানানো হয়েছে এক প্রতিবেদনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 04:22 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বে দ্রুত বয়স বাড়তে থাকা জনগোষ্ঠীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্বে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে প্রবীণ জনসংখ্যা বৃদ্ধির প্রভাব মোকাবেলায় সবারই আরো প্রস্তুতি প্রয়োজন বলে সতর্ক করা হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, ১০ বছরের মধ্যে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে। জনসংখ্যার ধরনে এ পরিবর্তন একটি দেশের জনকল্যাণ, পেনশন ও স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নেয়ার পাশাপাশি “প্রবীণদের অমর্যাদা, তাচ্ছিল্য ও তাদের প্রতি সহিংসতা” রোধে বিশ্বকে আরো যতœবান হতে হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। অন্য যে কোনো বয়সের তুলনায় বিশ্বজুড়ে প্রবীণদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ‘এজিং ইন দ্য টোয়েন্টিফার্স্ট সেঞ্চুরি: এ সেলিব্রেশন এণ্ড এ চ্যালেঞ্জ’ শীর্ষক ওই প্রতিবেদনে দেয়া হিসাব অনুযায়ী, বিশ্বব্যাপী ৯ জনে একজন মানুষের বয়স ৬০ বছরের বেশি। আগামী দশকে বয়স্ক মানুষের এ সংখ্যা বেড়ে ১০০ কোটিতে দাঁড়াবে। আর ২০৫০ সাল নাগাদ তা ২শ কোটিতে পৌঁছবে। প্রতিবেদনে বিশেষত ভারতকে বয়স্ক জনগোষ্ঠীর বিষয়ে সচেতন হয়ে এ ব্যাপারে আশু পদক্ষেপ নিতে বলা হয়েছে। ভারতের জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশ ৩০ বছরের নীচে হলেও বয়স্ক মানুষের সংখ্যাও কম নয়। এ সংখ্যা ইতোমধ্যেই ১০ কোটিতে পৌঁছেছে। ২০৫০ সাল নাগাদ তা তিনগুণ বাড়বে বলে সতর্ক করা হয়েছে প্রতিবেদনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১০ঘ.