ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আল কায়েদা ও তালেবানের অবস্থান লক্ষ করে পাকিস্তানে নিয়মিত চালকবিহীন বিমান (ড্রোন) হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
সার্চ ইঞ্জিন গুগলের সামাজিক যোগাযোগ সাইট ‘গুগলপ্লাস’র সাথে সোমবার এক ঘণ্টাব্যাপী ভিডিও ‘আড্ডা’ তে মার্কিন প্রেসিডেন্ট একথা জানান বলে বিবিসি এক খবরে জানায়।
ওবামা বলেন, “সক্রিয় সন্ত্রাসীর তালিকায় রয়েছে এমন লোককের ওপর হামলা প্রচেষ্টা হিসেবেই ওই ড্রোন ব্যবহার করা হচ্ছে।”
এ আড্ডা শুরুর আগে ১ লাখ ৩০ হাজারেও বেশি প্রশ্ন জমা পড়ে। এছাড়া ছয়জনকে অনলাইনে ওবামার সঙ্গে আড্ডা দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
ড্রোন হামলার ব্যবহার ও তার শাসনামলে এ হামলা বৃদ্ধি পাওয়ার কারণ জানতে চাওয়া হলে ওবামা বলেন, “পাকিস্তানের কেন্দ্র নিয়ন্ত্রিত আদিবাসী এলাকাগুলো (এফএটিএ) তে এ ধরনের প্রচুর হামলা হচ্ছে।”
সেইসঙ্গে তিনি আরো বলেন, “আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী দুর্গম অঞ্চলগুলোতে গড়ে ওঠা আল কায়েদা সন্দেহভাজনদের লক্ষ করে হামলা চালানো হয়।”
ড্রোন হামলা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালনা করে থাকে বলেও জানা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩২০ ঘ.
bdnews24