বেইজিং, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিমা দেশগুলো তিব্বত এলাকায় প্রাণঘাতী সংঘর্ষের ভুল ব্যাখ্যা করেছে বলে সোমবার সমালোচনা করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। এছাড়া তিব্বতের আধ্যাত্মিক নেতা “দালাই লামা তার ধর্মীয় সুনামের অপব্যবহার” করছেন বলেও অভিযোগ করছে তারা।
গত সপ্তাহে তিনটি সহিংস সংঘর্ষে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে চীনের সিচুয়ান প্রদেশ। সংঘর্ষে তিন জন নিহত হয়।
জাতিগতভাবে তিব্বতি অধ্যুষিত ওই এলাকার অনেকেরই অভিযোগ তারা ধর্মীয় ক্ষেত্রে অবদমিত এবং তাদের পূর্ণ স্বাধীনতা নেই।
গত সপ্তাহের সংঘাতের প্রসঙ্গে চীনের রাষ্ট্র্রীয় ইংরেজী দৈনিক তাদের সম্পাদকীয়তে বলেছে, “কয়েকটি পশ্চিমা দেশ এবং তথাকথিত নির্বাসিত তিব্বতি সরকারের উল্টাপাল্টা আচরণ এবং ঘটনার ভুল ব্যাখা দেওয়া বিচিত্র কিছু নয়।”
সম্পাদকীয়তে ‘দালাই লামা’র অনুসারীরা “ধর্মের আবরণে তাদের মূল লক্ষ্য আড়াল” করছে এবং চীনের বিরুদ্ধে তাদের মূল উদ্দেশ্য বাস্তবায়নে “কয়েকটি পশ্চিমা সরকার ও গণমাধ্যম” মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেছে চীনের ইংরেজি ভাষার দৈনিক চায়না ডেইলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১১ঘ.
bdnews24