দায়েই, মিয়ানমার, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সংবিধান পরিবর্তনের আহ্বান জানালেন মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেতা অং সাং সু চি।
দেশের রাজনীতিতে ফিরে আসার এবং পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর রোববার প্রথম রাজনৈতিক সফরে সেনাবাহিনী প্রণীত সংবিধান পরিবর্তনের আহ্বান জানান সু চি।
ইয়াঙ্গুন থেকে প্রায় ১৬৫ কিলোমিটার দক্ষিণের উপকূলীয় অঞ্চল দায়েইতে সফরে গেছেন সু চি। দায়েইর ভেতর দিয়ে সু চির গাড়ি বহর যাওয়ার সময় হাজার হাজার মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানায় এবং ‘মা সুচি দীর্ঘজীবী হোন’ বলে স্লোগান দেয়।
২০১০ সালের নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর ইয়াঙ্গুনের বাইরে এটা সু চি’র চতুর্থ সফর।
দায়েইতে ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’র (এনএলডি) কর্মীদের সঙ্গে বৈঠকের পর উল্লসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, “সংবিধানে সুনির্দিষ্ট কিছু আইন আছে যা জনগণের স্বাধীনতার পরিপন্থি এবং পার্লামেন্টের মাধ্যমে আমরা ওই আইনগুলো বাদ দেয়ার সংগ্রাম করবো।”
১৯৮৯ সালে সু চিকে কারবন্দি করা হলে পরের বছর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় এনএলডি। তবে তখনকার শাসকরা নির্বাচনের ফল উপেক্ষা করে এবং দলটির বহু নেতা কর্মীকে আটক করে।
এরপর ২০১০ সালে মিয়ানমারে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এনএলডি ওই নির্বাচন বর্জন করে। এ নির্বাচনে জয়ী হয় সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে গঠিত সামরিক বাহিনী সমর্থিত দল।
রোববারের ওই ভাষণে পার্লামেন্টে কোন বিষয়গুলো উপস্থাপন করবেন সে বিষয়ে বিস্তারিত জানান সু চি।
বিশেষ করে ২০০৮ সালে সেনাবাহিনী প্রণীত সংবিধান সংশোধন করতে চান বলে তিনি জানান।
ওই সংবিধানে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য নিয়োগের ক্ষমতা, জরুরি অবস্থায় রাষ্ট্র ক্ষমতা দখল ও পার্লামেন্টের এক চতুর্থাংশ আসনসহ সেনাবাহিনীকে ব্যাপক ক্ষমতা দেয়া হয়েছে।
এ বিষয়ে সুচি বলেন, “সংবিধানের সুনির্দিষ্ট কিছু অংশ আমাদের সংশোধন করতে হবে।”
সরকারি সেনা ও আদিবাসী বিদ্রোহীদের মধ্যে সহিংসতার বিষয়টি সমাধান করতে হবে বলেও তিনি জানান।
মিয়ানমারের এ বিরোধী দলীয় নেতা বলেন, “বৈচিত্র্য ভয় পাওয়ার কিছু নয়, একে উপভোগ করা যায়।”
আগামী ১লা এপ্রিলে অনুষ্ঠিতব্য পার্লামেন্টের একটি আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী এ নেতা। তবে, নির্বাচনের জন্য এখনও আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করেননি সু চি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৪৯ ঘ.
bdnews24