লন্ডন, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজেরিয়ায় শরিয়া আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বোকো হারামের হামলা চলবে বলে জানিয়েছেন এই জঙ্গি সংগঠনটির এক জ্যেষ্ঠ সদস্য।
শনিবার ওই জ্যেষ্ঠ সদস্যের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে গার্ডিয়ান।
গত শুক্রবার নাইজেরিয়ায় ইসলামি শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য লড়াইরত বোকো হারাম জঙ্গিদের হামলায় কানো শহরে ১৮৬ জন নিহত হয়।
“সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করার পর আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করবো,” বলেন বোকো হারামের মুখপাত্র আবু কাকা।
“যখন আমরা দেখবো সবকিছু আল্লাহর নির্দেশ মতো করা হচ্ছে এবং আমাদের সঙ্গীদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে, একমাত্র তখনই আমরা আমাদের অস্ত্র একপাশে সরিয়ে রাখবো। কিন্তু আমরা তা ত্যাগ করবো না। কারণ ইসলামি বিধান অনুসারে আপনি অস্ত্র একপাশে সরিয়ে রাখতে পারেন, ত্যাগ করতে পারেন না,” বলেন তিনি।
গত কয়েক সপ্তাহে বোকো হারামের হামলা মারাত্মক আকার ধারণ করেছে। শুক্রবারে কানোতে তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ চালায়।
বোকো হারামের সদস্যদের আল কায়েদার আধ্যাত্মিক সদস্য বলে দাবি করেন কাকা। সৌদি আরব সফরের সময় তারা আল কায়েদা নেটওয়ার্কের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানান তিনি।
নাইজেরিয়ার প্রতিবেশী চাঁদ, ক্যামেরুন ও নাইজারের নাগরিকরাও বোকো হারামের সদস্যপদ গ্রহণ করছে বলে জানান কাকা।
বোকো হারাম পরিকল্পিত নাইজেরিয়ায় দেশটির জনসংখ্যার অর্ধেক ৭ কোটি খ্রিস্টানকেও “রক্ষা করা হবে” বলে জানান তিনি।
তিনি বলেন, “স্বয়ং নবী মোহাম্মদ (সাঃ)ও অমুসলিমদের সঙ্গে বসবাস করেছেন এবং তাদের প্রাপ্য অধিকার রক্ষা করেছেন।”
তবে প্রত্যেককেই বাধ্যতামূলকভাবে শরিয়া আইন মেনে চলতে হবে বলে জানান তিনি।
“এখানে কোনো ব্যতিক্রম হবে না। আপনি যদি মুসলিম হন এবং শরিয়া আইন মেনে না চলেন তাহলে আমরা আপনাকেও হত্যা করবো। এমনকি আপনি আমার নিজের পিতা হলেও রেহাই পাবেন না।”
“জনগণকে এটা বুঝতে হবে যে আমরা নাইজেরিয়া শাসন করতে চাচ্ছি না। দেশে বিরাজমান অন্যায়ই আমাদের এ কাজে উদ্বুদ্ধ করেছে। মানুষ আমাদের অবমূল্যায়ন করলেও একদিন আমরা শুধু নাইজেরিয়ায় নয়, সারা বিশ্বেই শরিয়া আইন কায়েম করবো,” বলেন কাকা।
বৃহস্পতিবার ইন্টারনেটে পোস্টকৃত এক অডিও টেপে বোকো হারামের মূল নেতা আবু বকর শেকাউ নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর আরো বেশি সদস্যকে হত্যা করার ও তাদের পরিবারকে অপহরণ করার হুমকি দিয়েছেন।
ইসলামের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ী করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৫ ঘ.
bdnews24