কাবুল, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবানরা তাদের অতীতের কট্টর ভাবাদর্শ শিথিল করে আপোস করতে ইচ্ছুক- এমনটাই মনে করছেন ঊর্ধ্বতন আফগান শান্তি আলোচকরা।
আফগানিস্তনের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শান্তি আলোচক কমিটি ‘হাই পিস কাউন্সিল’র সদস্য সাবেক তালেবান মন্ত্রী মৌলভী আরসালা রহমানি বলেন, ন্যাটোর সঙ্গে প্রায় এক দশক লড়াইয়ের পর তালেবানরা এখন তাদের কট্টর অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত।
তিনি আরো জানান, গত বছর সেপ্টেম্বরে প্রধান শান্তি আলোচক বুরহানুদ্দিন রব্বানি হত্যার পরও শান্তি আলোচনা সফল হওয়ার ভালো সম্ভাবনা আছে।
রহমানি বলেন, “পুরনো ইসলামিক আমিরাত আফগানিস্তানের আদলে তালেবানরা আর ক্ষমতায় ফেরার চেষ্টা করবে না। তারা যখন ফিরবে সাধারণ আফগান হিসেবেই ফিরবে।”
তিনি আরো বলেন, “তালেবান সদস্যরা তাদের বুদ্ধিমত্তা ও দক্ষতা দিয়ে পার্লামেন্টে, প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার প্রার্থী হবে। তারা আফগানিস্তান দখলের পাঁয়তারা করবে না।”
এ মাসেই কাতারে রাজনৈতিক কার্যালয় খোলার ঘোষণা দিয়েছে তালেবানরা। এ কার্যালয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে শান্তি আলোচনা করাই তাদের উদ্দেশ্য।
এছাড়া ২০১৪ সালে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনা প্রত্যাহারের আগেই তাদের অস্ত্রবিরতিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান রহমানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯১৭ঘ.
bdnews24