২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া বিষয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক

সিরিয়া বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ বৈঠক থেকে নিরাপত্তা পরিষদের সদস্যরা সিরিয়ায় চলমান অচলাবস্থা নিরসনে পশ্চিমা ও আরব দেশগুলো নতুন এক খসড়া প্রস্তাবনা দিতে পারে বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2012, 08:36 AM

Updated : 24 Aug 2022, 10:40 AM

হারাস্তা, সিরিয়া, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়া বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে শুক্রবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ বৈঠক থেকে নিরাপত্তা পরিষদের সদস্যরা সিরিয়ায় চলমান অচলাবস্থা নিরসনে পশ্চিমা ও আরব দেশগুলো নতুন এক খসড়া প্রস্তাবনা দিতে পারে বলে জানা গেছে। এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনকারীরা রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য মরক্কো নতুন প্রস্তাবনার নথি বৈঠকে বিলি করবে বলে ধারণা করা হচ্ছে। আরব লিগ প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থনকারী মরক্কো। সিরীয় প্রেসিডেন্ট আসাদকে একটি ঐকমত্যের সরকার গঠন ও নির্বাচনের প্রস্তুতির জন্য পদত্যাগ করে ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানায় আরব লিগ। জাতিসংঘে নিয়োজিত ফরাসি মিশন এক টুইটে জানায়, “সিরিয়া পরিস্থিতি নিয়ে পদক্ষেপ বিষয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার নিউ ইয়র্কে বিকাল ৩টায় বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ।” খসড়া প্রস্তাবনার ওপর আগামী সপ্তাহের শুরুতেই ভোট হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। নতুন এ প্রস্তাবনাটি কাতার, মরক্কো, যুক্তরাষ্ট্র, জার্মানি ও পর্তুগালের সঙ্গে আলোচনা করে ব্রিটেন ও ফ্রান্স তৈরি করেছে বলে প্রতিনিধিরা জানান। নিরাপত্তা পরিষদের কূটনীতিকরা জানান, মরক্কোর প্রতিনিধি বৃহস্পতিবার চীন ও রাশিয়ার কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করে খসড়ার সর্বশেষ পরিস্থিতি উপস্থাপন করেন। তবে তাদের প্রাথমিক প্রতিক্রিয়া কি সে বিষয়টি তাৎক্ষণিক বোঝা সম্ভব হয়নি। রয়টার্স ওই খসড়া প্রস্তাবনাটি সংগ্রহ করেছে। দেখা গেছে, এতে সিরিয়ার রাজনৈতিক পরিবর্তনের কথা বলা হলেও জাতিসংঘ নিষেধাজ্ঞার কথা বলা হয়নি। রাশিয়া নিষেধাজ্ঞার মতো কোনো কিছু সমর্থন করবে না বলে আগেই জানিয়েছে। এর আগে গত বছর অক্টোবরে ইউরোপের একটি খসড়া প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া ও চীন। ওই প্রস্তাবনায় সিরিয়াকে নিন্দা ও জাতিসংঘের নিষেধাজ্ঞার হুমকিও ছিল। তবে এবারও রাশিয়া ভেটো দিয়ে পরিষদের কার্যক্রম বন্ধ করে দেবে কিনা তা নিশ্চিত নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৩৩ ঘ.