২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ কিংবা ‘চাঁদে যাক’ আরব লিগ: সিরিয়া

সিরিয়ায় রক্তক্ষয় বন্ধে আরব দেশগুলোর জাতিসংঘ সহায়তা আহ্বানের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মৌয়ালেম বলেছেন, আরব লিগ জাতিসংঘে কিংবা চাইলে ‘চাঁদেও যেতে পারে’, তাতে দামেস্কর কিছু আসে যায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 06:47 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

বৈরুত, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় রক্তক্ষয় বন্ধে আরব দেশগুলোর জাতিসংঘ সহায়তা আহ্বানের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মৌয়ালেম বলেছেন, আরব লিগ জাতিসংঘে কিংবা চাইলে ‘চাঁদেও যেতে পারে’, তাতে দামেস্কর কিছু আসে যায় না। ছয়-সদস্যের উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষণ মিশন থেকে মঙ্গলবার তাদের পর্যবেক্ষক প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। পাশাপাশি দামেস্কর ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকেও আহ্বান জানিয়েছে তারা। ওদিকে, সিরিয়ায় শান্তি ফেরাতে আরব লিগের সর্বশেষ পরিকল্পনায় বিশ্বের দেশগুলোর সমর্থন আদায়ে সংগঠনটির মহাসচিব নাবিল এল আরাবি এবং কাতারের প্রধানমন্ত্রী হামাদ বিন জসীম আল থানি একযোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়তা চেয়ে মহাসচিব বান কি মুনকে চিঠি পাঠিয়েছেন। এরই প্রতিক্রিয়ায় সিরিয়ার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে আল-মৌয়ালেম বলেন, “আরব লিগ সিরিয়া পরিস্থিতির যে সমাধান দিয়েছে তা তাদের পরামর্শ নয়, আমরা তা প্রত্যাখ্যান করেছি। আরব লিগ এখন তাদের ভূমিকায় নেই। আমরাও এ সংকটে আর আরব লিগের সমাধান চাই না।” জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাওয়াটা আরব লিগের পরিকল্পনার তৃতীয় ধাপ উল্লেখ করে তিনি বলেন, “তারা নিউইয়র্কে যাক বা চাঁদে যাক। আমরা যেহেতু তাদের টিকিটের খরচ দিচ্ছি না তাই এ নিয়ে আমাদের মাথাব্যাথা নেই।” এর আগে সৌদি আরব সিরিয়া থেকে পর্যবেক্ষক প্রত্যাহার করেছে এবং সিরিয়ার ওপর ‘সম্ভাব্য সব ধরনের চাপ’ প্রয়োগের আহ্বান জানিয়েছে। এরপর উপসাগরীয় অঞ্চলে সৌদি আরবের অন্যান্য মিত্রদেশগুলোও একই সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে জিসিসি বলেছে, সিরিয়ায় আরব লিগ মিশন থেকে পর্যবেক্ষক প্রত্যাহার করে নেওয়ার সৌদি আরবের সিদ্ধান্ত অনুসরণ করে তারাও (জিসিসি) একই সিদ্ধান্ত নিয়েছে। এতে আরো বলা হয়, “সিরিয়ায় রক্তপাত, নিরীহ মানুষ হত্যা চলবে এবং সিরিয়া সরকার আরব লিগের প্রস্তাবনাও মানবে না- এ ব্যাপারে জিসিসি নিশ্চিত।” সিরিয়ায় প্রায় ১০ মাস ধরে আসাদ বিরোধী আন্দোলন চলছে। আন্দোলন দমনাভিযানে হাজার হাজার সিরীয় নিহত হওয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রোববার পদত্যাগের আহ্বান জানায় আরব লিগ। কিন্তু সিরিয়া আরব লিগের প্রস্তাব প্রত্যাখান করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/০০৩৭ঘ.