তেহরান, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের বিরুদ্ধে “মনস্তাত্ত্বিক যুদ্ধ” শুরুর জন্য ইউরোপীয় ইউনিয়নকে অভিযুক্ত করেছে ইরান। একইসঙ্গে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যস্থলে হামলা চালানোরও হুমকি দিয়েছে তারা।
ইইউ তেল নিষেধাজ্ঞার জবাবে বিশ্বে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার পর ইরান নতুন করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছে, ওয়াশিংটন শক্তিপ্রয়োগ করে এই রুটে অবরোধ ভাঙার চেষ্টা নিলে বিশ্বব্যাপী তাদের বিভিন্ন টার্গেটে হামলা চালানো হতে পারে।
ইরানের পার্লামেন্টের পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির উপপ্রধান মোহাম্মদ কোসারি বলেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র কোনো অভিযান চালানোর চেষ্টা করলে ইরান খুব অল্প সময়ের মধ্যেই গোটা বিশ্বে আমেরিকানদেরকে নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দেবে।
কোসারি এর আগে ইরানের তেল সরবরাহে কোনো বিঘœ ঘটলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এ হুমকির পরও ইরানের ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন।
রোববার ব্রাসেলসে ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা ইরান থেকে ইইউভুক্ত দেশগুলোর তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নেয়। তবে তেল আমদানির যে চুক্তিগুলো আগেই সম্পাদন করা আছে সেগুলোর জন্য ১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
এর বাইরে তেল আমদানির ক্ষেত্রে নতুন কোনো চুক্তিতে যাবেনা ইইউভুক্ত দেশগুলো। ইরানের রপ্তানি করা তেলের প্রায় ২০ শতাংশ ইইউভুক্ত দেশগুলো আমদানি করে আসছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত সোমবার ইইউ’র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, “ইরানের তেলের ওপর ইইউ’র নিষেধাজ্ঞা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা অনৈতিক ও যুক্তিহীন। তবে এ নিষেধাজ্ঞা নিজেদের অধিকার অর্জন করা থেকে ইরানিদের বাধা দিতে পারবে না।”
উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকশি ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত ইরনা সংবাদ সংস্থাকে বলেন, “তেহরানের ওপর যত বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হবে সমস্যা সমাধানে তত বেশি বাধা তৈরি হবে।”
ইইউ’র নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতির কোনো ক্ষতি করতে পারবে না বলে দাবি করেছে ইরানের তেল মন্ত্রণালয়। তেল মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে ইরনা জানায়, “অনেক আগে থেকেই তেল মন্ত্রণালয় এ ধরনের ঘটনার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে, তাই নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত।”
মেহমানপারাস্ত বলেন, “ইইউ ও যুক্তরাষ্ট্রের চাপে থাকা অন্যান্য দেশের তাদের নিজেদের স্বার্থের কথা বিবেচনা করা উচিত। ইরানের জ্বালানি বাজার থেকে যে দেশ নিজেকে সরিয়ে নেবে দ্রুতই সে তার জায়গায় অন্যদের দেখতে পাবে।”
যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় তেল আমদানি কমিয়েছে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। এশিয়ার অন্যান্য দেশও চীনকে অনুসরণ করেছে।
তবে ভারতের তেলমন্ত্রী জয়পাল রেড্ডি সোমবার বলেছেন, নিষেধাজ্ঞার কারণে ইরান অনেক সস্তায় তেল বিক্রি করতে বাধ্য হবে, এ পরিস্থিতির পুরো সুযোগ নিয়ে যত বেশি পারা যায় ইরানি তেল কেনার পরিকল্পনা নিয়েছে ভারত।
এদিকে, সোমবার বেলারুশের একটি শাখাসহ ইরানের তৃতীয় বৃহত্তম ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানাধীন তেজারত ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ আছে, ব্যাংকের বেলারুশ শাখা তেহরানের পরমাণু প্রকল্প উন্নয়নে সহায়তা করছিলো।
গত ৩১ ডিসেম্বর ইরানের তেল ব্যবসা ও কেন্দ্রিয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
নতুন নিষেধাজ্ঞা আরোপের পর এক বিবৃতিতে বারকা ওবামা বলেছেন, “চাপ বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরো নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে। ইইউ’র আরোপিত নিষেধাজ্ঞায় ইরানের পরমাণু কর্মসূচির গুরুতর হুমকিী মোকাবিলায় আন্তর্জাতিক স¤প্রদায়ের অঙ্গীকারের শক্তি প্রতিফলিত হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/১৫৪৪ ঘ.
bdnews24