২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় এনটিসি উপপ্রধানের পদত্যাগ

বিক্ষোভের মুখে পদ ছেড়েছেন লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্র্বতীকালীন পরিষদের উপ-প্রধান আব্দেল হাফিজ ঘোগা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

বেনগাজি, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিক্ষোভের মুখে পদ ছেড়েছেন লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্র্বতীকালীন পরিষদের উপ-প্রধান আব্দেল হাফিজ ঘোগা। দেশটির জাতীয় অন্তর্র্বতীকালীন পরিষদের (ন্যাশনাল ট্রাঞ্জিশনাল কাউন্সিল-এনটিসি) ভাইস প্রেসিডেন্ট ঘোগা রোববার আল-জাজিরা টেলিভিশনকে বলেন, “জাতির স্বার্থে আমি পদত্যাগ করেছি এবং এ পর্যায়ে এটা প্রয়োজন ছিলো।” শনিবার এনটিসি কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বেনগাজিতে এনটিসির স্থানীয় সদর দপ্তরে হামলা চালায় বিক্ষোভকারীরা। এনটিসির চেয়ারম্যান মুস্তাফা আব্দুল জলিলের উপস্থিতিতেই সেখানে ভাংচুর করে তারা। লিবিয়ার ক্ষমতাচ্যুত ও প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেওয়া ব্যক্তিরাই এনটিসির বিরুদ্ধে এ বিক্ষোভ করছে। রাষ্ট্রীয় প্রশাসন থেকে গাদ্দাফি আমলের কর্মকর্তাদের অপসারণ এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যয়ের ক্ষেত্রে সরকারের স্বচ্ছতার দাবি জানায় তারা। এ সময় এনটিসির ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র ঘোগার প্রতি ক্ষোভ প্রকাশ করেন অনেক বিক্ষোভকারী। গত বৃহস্পতিবার বেনগাজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত হন তিনি। পদত্যাগের কথা জানিয়ে ঘোগা বলেন, “এ পরিস্থিতি চলতে থাক এবং ন্যাশনাল ট্রাঞ্জিশনাল কাউন্সিল ও এর কার্যক্রমের ওপর তার নেতিবাচক প্রভাব পড়–ক তা আমি চাইনি।” পশ্চিমা যৌথবাহিনীর সহায়তা নিয়ে নয় মাসের যুদ্ধ চালিয়ে গত অগাস্টে লিবিয়ার ৪২ বছরের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে হঠিয়ে ক্ষমতায় আসে এনটিসি। এ অন্তবর্তীকালীন পরিষদের প্রতি পশ্চিমা শক্তিগুলোরও সমর্থন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/২১৩৩ ঘ.