তেহরান/জেরুজালেম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যার দায়ে শুক্রবার ইসরায়েলের শাস্তি দাবি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার এক সহযোগী ও পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি।
ওদিকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকট মোকাবেলায় ইসরায়েলকে ওয়াশিংটনের সাথে হাত মেলানোর আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্টিন ডেম্পসে।
ইরানের নিহত দুই পরমাণু বিজ্ঞানীর পরিবারের প্রতি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তোল্লাহ আলি খামেনি সমবেদনা জানানোর পর দেশটির সাবেক পরমাণু আলোচক লারিজানি ইসরায়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তেহরানের ধারণা, ইসরায়েলের নির্দেশেই ওই দুই পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একজন গত সপ্তাহে নিহত হয়েছেন।
পরমাণু শক্তিধর রাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে লারিজানি বলেন, “ইহুদি সম্রাজ্যের মত কিছু কিছু রাষ্ট্রের সন্ত্রাসবাদের দীর্ঘ ইতিহাস আছে।”
তিনি আরো বলেন, “ইহুদি সম্র্যাজ্যটিকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে তারা আমাদের দেশের সঙ্গে এমন খেলা আর না খেলতে পারে।”
ইহুদি অধ্যুষিত ইসরায়েলের শঙ্কা, কোন ইসলামী রাষ্ট্রের হাতে পরমাণু বোমা থাকা তাদের অস্তিত্বের জন্য হুমকি।
তবে গত সপ্তাহে বোমা হামলায় ইরানের পরমাণু বিজ্ঞানী মোস্তফা আহমাদি রোশানকে হত্যার অভিযোগের জবাবে ইসরায়েলের কর্মকর্তারা কোন মন্তব্য করেননি।
ওদিকে, ওবামার শীর্ষ সামরিক কর্মকর্তা, জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান মার্টিন ডেম্পসে স¤প্রতি ইসরায়েল সফর করেছেন।
সফরকালে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় এগিয়ে আসতে আগ্রহী বলে ইসরায়েলি কর্মকর্তাদের জানিয়েছেন তিনি।
মধ্যপ্রাচ্য ইস্যুর অনেক ক্ষেত্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থগত ব্যাপরগুলো অভিন্ন বলে ইসরায়েলের সঙ্গে একত্রে কূটকৌশল পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।
অন্যদিকে, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ওয়াশিংটন ও ইসরায়েল ইরান আক্রমণ করার আগেই এ পরিস্থিতি এড়াতে চীন ও রাশিয়াকে দেশটির ওপর পাশ্চিমা অবরোধে আবারো একমত হওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স।
উল্লে¬খ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি, পারমাণবিক বোমা তৈরির উদ্দেশে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে। অন্যদিকে, তেহরান এ অভিযোগ অস্বীকার করে বরাবরই বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি বেসামরিক উদ্দেশে পরিচালিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৪৯ঘ.
bdnews24