কলাম্বিয়া, সাউথ ক্যারোলাইনা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী হতে হলে নিউ গিংরিচকে টপকিয়ে সাউথ ক্যারোলাইনার প্রাইমারীতেও জয়ের ধারা অব্যাহত রাখতে হবে ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনিকে।
শনিবার সাউথ ক্যারোলাইনায় প্রাইমারী হওয়ার কথা রয়েছে।
সা¤প্রতিক জরিপে রিপাবলিক দলের আরেক মনোনয়ন প্রত্যাশী নিউ গিংরিচের সমর্থন বাড়ায় সাউথ ক্যারোলাইনা তার জয় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এ কারণেই এ অঙ্গরাজ্যটিতে গিংরিচকে হারিয়ে জয়ের ধারা টিকিয়ে রাখাই রমনির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে টিকে থাকা অন্য আরো দুই প্রার্থী জরিপে পিছিয়ে থাকায় রমনি আর গিংরিচের মধ্যেই সাউথ ক্যারোলাইনায় সরাসরি লড়াইয়ের পট প্রস্তুত হয়েছে।
মিলিয়নিয়ার সাবেক ব্যবসায়ী রমনি অর্থনীতি ও চাকরি ক্ষেত্রে তার নীতির জন্য ইতোমধ্যে এক চতুর্থাংশ রিপাবলিকানের সমর্থন পেয়েছেন। তবে এখনও অনেক কট্টরপন্থির হৃদয় জয় করতে ব্যর্থ হয়েছেন তিনি।
ওদিকে, সাউথ ক্যারোলাইনার বিতর্কের পর ইতিহাসের সাবেক শিক্ষক গিংরিচের সমর্থন বাড়ছে।
সাউথ ক্যারোলাইনার ভোটার ভন মুরেক্স বলেন, “বিষয় হল তাদের মধ্যে কে ওবামাকে পরাজিত করতে পারবে।”
মূলত রমনির সমর্থক হলেও এ সপ্তাহে গিংরিচের বক্তৃতা শুনে প্রভাবিত হয়েছেন মুরেক্স।
এর আগে আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারের ভোটে জিতেছেন মিট রমনি। সাউথ ক্যারোলাইনায়ও জয়ী হলে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে যাবেন তিনি।
যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যে প্রাইমারি ও ককাসে জয়ী একজন মনোনয়ন প্রত্যাশীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। আর সেই প্রার্থীই ২০১২ সালের নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট বারাক ওবামাকে মোকাবেলা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৩৫ঘ.
bdnews24