আম্মান, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে যুক্তরাষ্ট্র খুব শিগগিরিই রাজধানী দামেস্কয় তাদের দূতাবাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছে। এতে সিরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শুক্রবার লিখিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, “দামেস্কর অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন, তবে কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।”
এতে আরো বলা হয়, “আমরা সিরিয়া সরকারকে এও বলছি যে, সহিংসতা বন্ধে সামনের দিনগুলোতে বাস্তবসম্মত কোনো পদক্ষেপ না নেওয়া হলে দামেস্কে মিশন বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না”।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের নিয়ন্ত্রণ বেশিদিন থাকবে না বলে হোয়াইট হাউজের মন্তব্যের পর সিরিয়ায় দূতাবাস বন্ধের ব্যাপারে সতর্ক করলো যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্বেগ কমাতে কিছু করার জন্য বেশি সময় সিরিয়ার হাতে নেই।
তিনি বলেন, আমরা দেরীতে নয় বরং খুব তাড়াতাড়িই কোনো ব্যবস্থা নিতে দেখতে চাই। কারণ, দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিতে খুব বেশি দেরী নেই।
দূতাবাস বন্ধের পদক্ষেপটি সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো অতোটা গুরুতর পদক্ষেপ না হলেও এতে করে দামেস্ক এবং ওয়াশিংটনের মধ্যকার সরাসরি যোগাযোগ হঠাৎ করেই অনেক কমে যাবে।
কায়রোর আরব লিগের সদর দপ্তর থেকে এক সূত্র এরই মধ্যে জানিয়েছে, আরব লিগ পর্যবেক্ষকদের উপস্থিতির কারণে সিরিয়ার কয়েকটি এলাকায় সহিংসতা কমেছে।
এ বিবেচনা থেকে সিরিয়ায় আরব লিগের পর্যবেক্ষণ মিশনের সময়সীমা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। লিগের সদস্য রাষ্ট্রগুলো তেমনটিই বিবেচনা করছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৫ঘ.
bdnews24