ওয়াশিংটন, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা নিয়ে আলোচনা নতুন করে শুরুর বিষয়টি কোন পথে এগুবে এবং ইরানকে নির্দিষ্ট মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে বিশ্বের ছয় শক্তিধর দেশ।
চীন, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আলোচনায় রাজি রয়েছে বলে শুক্রবার ইঙ্গিত দিয়েছে।
ইরান পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বলে পশ্চিমা রাষ্ট্রগুলোর অভিযোগ। তবে বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি চালানোর দাবি করে আসছে ইরান।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন এক বিবৃতিতে জানান, ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ও পরমাণু স্থাপনায় সামরিক হামলার আশঙ্কার পরও কূটনৈতিক আলোচনার পথ খোলা আছে।
অ্যাস্টনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “ছয় পরাশক্তি সব সময়ই দ্বৈত পন্থা থেকে আলোচনার বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে। আমরা ইরানের জবাবের অপেক্ষায় আছি।”
আলোচনার প্রস্তাব দিয়ে গত বছর ২১ অক্টোবর ইরানকে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়। আর দ্বৈতপন্থা বলতে একই সঙ্গে নিষেধাজ্ঞা ও কূটনেতিক আলোচনার কথা বলা হয়েছে।
ইরান আলোচনা শুরু করতে ইচ্ছুক হলে ছয় বিশ্বশক্তি কোনো আলোচনা কৌশল নিয়ে এগুবে তা এখনো পরিস্কার নয় বিশেষ করে কোনো ধরনের আস্থা অর্জনের পদক্ষেপের ব্যাপারে তারা দ্বিধান্বিত।
আস্থা অর্জনের পদক্ষেপগুলো ইরানের কাছে কিভাবে তুলে ধরা হবে বা অদৌ তা তুলে ধরা উচিত না অনুচিত তা নিয়ে ছয় বিশ্বশক্তি একমত হতে পারেনি।
এছাড়াও আরেকটি বড় সিদ্ধান্তহীনতার বিষয় হয়ে আছে ইরানকে পরমাণু কর্মসূচি চালাতে দেওয়া বা না দেওয়ার বিষয়টি।
ছয় বিশ্বশক্তি ইরানকে ২০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলবে নাকি স্বল্পমাত্রায় সমৃদ্ধকরণ চালিয়ে যেতে দেবে তা নিয়েও কোনো মতৈক্য হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩০ঘ.
bdnews24