ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটারদের মনজয়ে পুরোদস্তুর গায়ক বনে গেলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার জন্য ডেমোক্র্যাটদের প্রার্থী হয়ে লড়ার কথা রয়েছে আফ্রিকা বংশোদ্ভূত ওবামার।
বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের হারলেমস অ্যাপোলো থিয়েটারে নির্বাচনী প্রচারণা চালান ওবামা।
মঞ্চে দাঁড়িয়ে তিনি সত্তরের দশকের জনপ্রিয় গায়ক আলবার্ট গ্রিনের ‘চলো একসাথে থাকি’ গানের কয়েকটি চরণ গেয়ে শোনান বলে ব্রিটিশ দৈনিক দ্য সান জানিয়েছে।
“আমি রয়েছি--- তোমাদের ভালোবেসে,” সমবেতদের উদ্দেশে ওবামা গেয়ে শোনান ।
ওবামার কণ্ঠে গান শুনে উল্লাসে ফেটে পড়ে জনতা।
এ সময় মঞ্চের একপাশে অবস্থানরতদের দিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ওবামা বলেন, “আমি এটা করতে পারি, তা তারা চিন্তা করেনি।”
ওবামার গানের দৃশ্যের ভিডিওচিত্র ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ইউ টিউবে কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখে বলে সান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/০০২৫ ঘ.
bdnews24